শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৩০

শাহমাহমুদপুরে এসএম বাকের খন্দকারের গণসংযোগ, ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ

স্টাফ রিপোর্টার।।
শাহমাহমুদপুরে এসএম বাকের খন্দকারের গণসংযোগ, ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী এসএম বাকের খন্দকারের গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে তিনি মা-বাবা ও হযরত শাহ্ মাহমুদ বাগদাদী (রা.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এ গণসংযোগ শুরু করেন।

গণসংযোগকালে এসএম বাকের খন্দকার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় এলাকার সাধারণ ভোটাররা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাঁকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার মানুষের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি সরাসরি যোগাযোগের মাধ্যমে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন এই বিএনপি নেতা। তাঁর এই গণসংযোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বেশ প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু ও মোশারফ কারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, সাবেক আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নুরু গাজী, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শান্ত গাজী, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সরদার এবং শাহতলী কামিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. জিসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উল্লেখ্য, এসএম বাকের খন্দকার চাঁদপুর জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দুবারের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাঁর এই গণসংযোগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়