প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২১:৪৫
চোখের যত্ন ও অন্ধত্ব প্রতিরোধে সচেতনতা জরুরি
চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবসে ইউএনও জামিউল হিকমা

আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
|আরো খবর
সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, “অন্ধত্ব প্রতিরোধ, চোখের বিভিন্ন রোগ নির্ণয় এবং সঠিক যত্নের বিষয়ে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করাই দিবসটির প্রধান লক্ষ্য। প্রতিরোধযোগ্য অন্ধত্বের হার কমাতে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াস অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন:
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।







