বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২২:০৬

সংবাদ প্রকাশের পর বাবুরহাটে অচল ড্রেন সচলে পৌরসভার উদ্যোগ

বিশেষ প্রতিনিধি।।
সংবাদ প্রকাশের পর বাবুরহাটে অচল ড্রেন সচলে পৌরসভার উদ্যোগ
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ড্রেনগুলো পরিষ্কার করছে পরিচ্ছন্ন কর্মীরা

চাঁদপুর শহরতলীর বাবুরহাট মডেল টাউনের গুরুত্বপূর্ণ সড়কের দুপাশের দীর্ঘদিনের অচল ড্রেনেজ ব্যবস্থা সচল করতে কাজ শুরু করেছে চাঁদপুর পৌর প্রশাসন। গত ক'দিন ধরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার ও পানি চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছেন।

দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় সামান্য বৃষ্টিতেই বাবুরহাট মডেল টাউন এলাকার সড়কে পানি জমে যেতো। কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। পাশাপাশি দীর্ঘসময় পানি জমে থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছিলো।

এ নিয়ে ৩০ সেপ্টেম্বর বুধবার দৈনিক চাঁদপুর কণ্ঠে ১৪ নম্বর ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও নাগরিক সুবিধার বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতিবেদন প্রকাশিত হয়। একইসঙ্গে চাঁদপুর কণ্ঠের ফেসবুক পেজেও বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

সংবাদ প্রকাশের পর এ বিষয়ে সরাসরি চাঁদপুর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে কথা বলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। এ সময় পৌর প্রশাসক সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় গত তিনদিন ধরে ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন ও পানি চলাচলের উপযোগী করতে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি পানি নিষ্কাশনের পথও সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ১৪ নম্বর ওয়ার্ডের রমেশ চন্দ্র দে'র বাড়িতে দুর্গাপূজার আয়োজন থাকায় ওই এলাকাতেও পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। উৎসবকে কেন্দ্র করে এলাকার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কারের কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী। তবে শুধু সাময়িকভাবে নয়, ড্রেনেজ পরিচ্ছন্নতা কার্যক্রম যেন নিয়মিতভাবে সারা বছর অব্যাহত থাকে, সেটিই তাদের প্রত্যাশা। একইসঙ্গে সড়কের খানাখন্দ সংস্কার, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা এবং নাগরিক অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, একটি আধুনিক ও বাসযোগ্য পৌর এলাকার জন্য শুধু রাস্তা নির্মাণই যথেষ্ট নয়; কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত বর্জ্য অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ, সড়কবাতি ও নিরাপদ চলাচলের সুযোগও নিশ্চিত করা জরুরি। তাই ১৪ নম্বর ওয়ার্ডের চলমান কার্যক্রমকে একটি স্থায়ী ও নিয়মিত নাগরিকসেবা ব্যবস্থার অংশ হিসেবে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।

পৌর প্রশাসনের দ্রুত সাড়া ও মাঠপর্যায়ে কাজ শুরু করায় ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাঁদপুর পৌর প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা আশা করছেন, পৌরবাসী হিসেবে তাদের প্রাপ্য নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে প্রশাসনের এ তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়