বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২২:১৯

হাইমচরের তিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা

আব্দুল্লাহ আল মামুন।।
শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা
হাইমচর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

হাইমচর উপজেলার কাটাখালী আলিম মাদ্রাসা, কমলাপুর দাখিল মাদ্রাসা ও কে ভি এন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বুধবার (৭ সেপ্টেম্বর ২০২৬) তিনি প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আজিজুল হক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফল আরও উন্নত করতে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন জেলা শিক্ষা অফিসার।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে তাদের অগ্রগতি পর্যালোচনার জন্য মূল্যায়ন সভা আয়োজন করতে হবে। পাশাপাশি শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তরণের ক্ষেত্রেও যথাযথ নিয়ম অনুসরণের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে এসব ল্যাব ও পাঠাগারের কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।

এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, ২০২৬ সালের প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ, নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রস্তুতি এবং নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

তিনি প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলা আয়োজন, লাইব্রেরি সচল রাখা এবং নিয়মিত সহপাঠক্রমিক কার্যক্রম বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন। শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখতে কাউন্সেলিং কার্যক্রম জোরদার এবং বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

পরিদর্শনের মাধ্যমে তিনি শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষার ফলাফল বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক বিকাশ এবং প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়