প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:৫৭
চাঁদপুরে সেপ্টেম্বর মাসে ট্রাফিকের রেকর্ড ৪১ লাখ টাকা জরিমানা আদায়

চাঁদপুরে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক মাসে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে। বিগত সেপ্টেম্বর মাসে ১ হাজার ১২২টি মামলায় ৪১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক বিভাগ, যা জেলাটিতে এক মাসে আদায়কৃত সর্বোচ্চ জরিমানা। এর আগের মাস আগস্টের তুলনায় এই আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
|আরো খবর
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমিয়ে আনতে মাসজুড়ে এ বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগ।
ট্রাফিক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে দায়ের করা ১ হাজার ১২২টি মামলার মধ্যে ১ হাজার ৪৩টি মামলা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। এছাড়া বর্তমানে বিভিন্ন অপরাধে মোট ৩২৯টি যানবাহন ট্রাফিক পুলিশের হেফাজতে জব্দ রয়েছে।
যানবাহনভিত্তিক মামলার তালিকায় সর্বোচ্চ মামলা হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে—যার সংখ্যা ৪২৮টি। এছাড়া সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ৩৫৬টি, ইজিবাইকের বিরুদ্ধে ১৫৩টি, পিকআপ ৭২টি, ট্রাক ৬২টি, রিকশা ও ভ্যান ৩৩টি, কাভার্ডভ্যান ২৩টি, বাস ২২টি, মাইক্রোবাস ১১টি এবং প্রাইভেটকারের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়। প্রধানত হেলমেট ব্যবহার না করা, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন সংক্রান্ত অনিয়ম, অতিরিক্ত গতি এবং অবৈধ পার্কিংয়ের অপরাধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে চাঁদপুর শহরের শপথ চত্বর, নতুন বাজার-পুরাণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা, বাসস্ট্যান্ড, ওয়্যারলেস ও বাবুরহাটসহ ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
চাঁদপুর ট্রাফিক পরিদর্শক (টিআই-এডমিন) প্রবীর কুমার দাশ বলেন, “আমাদের লক্ষ্য কাউকে হয়রানি করা নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সহীন চালক বা বেপরোয়া গতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কেবল জরিমানা আদায়ই তাদের মূল উদ্দেশ্য নয়, বরং চালক ও পথচারীদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা তৈরি করাই প্রধান লক্ষ্য। নিরাপদ সড়ক নিশ্চিতে তিনি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।








