প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৫:১২
আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো সেলিম খান ও ছেলে শান্ত খানের লাশ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুরের বিতর্কিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চলচ্চিত্র অভিনেতা শান্ত খানের লাশ দাফনের দীর্ঘ ২৬ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আইনি ও বিচারিক প্রক্রিয়ার স্বার্থে আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থান থেকে তাদের লাশ উত্তোলন করা হয়।
বুধবার সকাল ৮টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁন মিয়ার উপস্থিতিতে প্রথমে সেলিম খান এবং পরবর্তীতে তার ছেলে শান্ত খানের মরদেহ তোলা হয়। পুলিশ পাহারায় লাশ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে আবেদন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সকালে সফলভাবে লাশ উত্তোলনের কাজ সম্পন্ন হয়েছে।
সুদীর্ঘ সময় পর লাশের ময়নাতদন্তের বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ড. মোহাম্মদ নূর আল দীন বলেন, "মামলার বিচারিক প্রয়োজনে অনেক সময় দীর্ঘদিন পরও লাশ উত্তোলন করতে হয়। এ ধরনের ক্ষেত্রে কঙ্কাল বা হাড়গোড় পরীক্ষা করেও গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত উদঘাটন করা সম্ভব।"
**যেভাবে নিহত হন বাবা-ছেলে :**
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছেড়ে পালানোর সময় চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজার সংলগ্ন এলাকায় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হন সেলিম খান ও শান্ত খান। ঘটনার দিন রাতে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে স্বজনরা লাশ দুটি গ্রামে নিয়ে যান এবং পরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
**কে এই সেলিম খান ও শান্ত খান :**
নিহত সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দীর্ঘ দিন ধরে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অঢেল সম্পদের মালিক হওয়ায় দেশজুড়ে তিনি 'বালুখেকো চেয়ারম্যান' হিসেবে পরিচিতি পান। এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে শত কোটি টাকার অনিয়ম এবং দুদকের দুর্নীতি মামলায় তিনি কারাভোগও করেন।
রাজনীতির পাশাপাশি সেলিম খান প্রযোজনা প্রতিষ্ঠান 'শাপলা মিডিয়া'র স্বত্বাধিকারী ছিলেন। আর তার ছেলে শান্ত খান এই প্রতিষ্ঠানের প্রযোজনায় বেশ ক'টি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন।
পুলিশের চাঁদপুর সদর সার্কেলের মিডিয়া সেল জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পুনরায় দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








