প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২২:৪৩
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উচ্চগাঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার।
|আরো খবর
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননার পদক, সনদপত্র ও ২ লাখ টাকার চেক তুলে দেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, আনিছুর রহমান মজুমদার দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির গণিত বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পাঠকে সহজ ও সৃজনশীল পদ্ধতিতে উপস্থাপন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করেছেন।
শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া এই সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির সেবায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে। এ সময় তিনি মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্টসহ সহকর্মীদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন।
হাজীগঞ্জ আল কাউসার ট্রাস্টের পরিচালক ও উচ্চগাঁ মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. মোজাম্মেল হোসেন পরান মজুমদার বলেন, সহকারী শিক্ষক আনিছুর রহমান মজুমদারের জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি মাদ্রাসার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাঁর হাতে সম্মাননা, সনদ ও অর্থ পুরস্কার তুলে দেয়া আমাদের শিক্ষা পরিবারের জন্য আনন্দ ও গৌরবের বিষয়।







