প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:৩৪
হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

হাজীগঞ্জে ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’–এর আওতায় ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র ও অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বুধবার (৭ অক্টোবর ২০২৬) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা ই-সেন্টারে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন প্রান্তিক পেশাজীবীর হাতে সনদপত্র এবং এককালীন অনুদানের প্রতীকী চেক তুলে দেন অতিথিরা। অনুদানের মূল অর্থ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক রুহুল আমিন বশির, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু এবং প্রশিক্ষণার্থী বাবুল সরকার ও উত্তম শীল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, “মৃৎশিল্পী, কামার, বাঁশ-বেত, কাঁসা-পিতল ও মুচিশিল্পের সঙ্গে জড়িত আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পেশাগুলো আধুনিকতার প্রভাবে বিলুপ্তির মুখে পড়েছে। এই পরিবেশবান্ধব পেশাগুলোকে টিকিয়ে রাখা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যেই ২০১৭ সাল থেকে প্রকল্পটির দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই পণ্য তৈরিতে উদ্যোমী হতে হবে।”
---








