বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৮

চাঁদপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অপসংস্কৃতির বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার।।
অপসংস্কৃতির বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপসংস্কৃতি ও দ্বীনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আলেম সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা ওলামা দলের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

তিনি বলেন, বাংলাদেশে ইসলামের গোড়াপত্তন ও প্রসার ঘটেছে সুফি-সাধক ও পীর-মাশায়েখদের হাত ধরে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে কিছু তথাকথিত রাজনৈতিক সংগঠন বিশেষ করে জামায়াতে ইসলামী ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে এবং পবিত্র মসজিদগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপসংস্কৃতি ও দ্বীনবিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ওলামা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুমার খুতবাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনায় ইসলামের সঠিক ও প্রকৃত বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। একই সঙ্গে বিএনপিকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ওলামা দলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংগঠিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সংবিধানকে একটি পবিত্র রূপ দিয়েছিলেন। ইসলাম ও আলেম-ওলামার কল্যাণ এবং দ্বীনি শিক্ষাব্যবস্থার প্রসারে তাঁর ও বিএনপি সরকারের ভূমিকা অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

হাফেজ দ্বীন ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ড. মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম খান, ফজলুল কবির, মাওলানা আনোয়ার হোসেন, চাঁদপুর পৌর ওলামা দলের আহ্বায়ক আকবর হোসেন মাতব্বর, চাঁদপুর সদর উপজেলা ওলামা দলের মাওলানা কাজী ইসমাইল সেখ, ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক বিন ইয়ামিন এবং হাইমচর উপজেলা ওলামা দলের মাওলানা আলাউদ্দিন আনসারীসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ওলামা দল এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন এবং ওলামা দল জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ড. মো. সলিম উল্যাহর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলে। তবে জরুরি রাজনৈতিক ও ব্যক্তিগত কাজের কারণে তাঁরা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

সভাপতির বক্তব্যে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী বলেন, প্রধান অতিথির উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে দেশের বাইরে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সলিম ভাইসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থলের উদ্দেশে চাঁদপুর ব্রিজ পর্যন্ত পৌঁছালেও দলীয় জরুরি নির্দেশে পরে তাঁদের অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে হয়। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়