প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১
বারডেমের নতুন মহাপরিচালক চাঁদপুরের কৃতী সন্তান ডা. নাছির উদ্দিন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর জেলার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ পদে দায়িত্ব গ্রহণ করেছেন।
|আরো খবর
চিকিৎসা সেবা ও স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ডা. মো. নাসির উদ্দীন আহমেদ বারডেমের নতুন শীর্ষ পদে আসীন হওয়ার আগে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা করে (আর্মি মেডিকেল কোর) দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের উজ্জ্বল রেকর্ড রয়েছে তাঁর। এছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রাখেন।
ডা. নাছির উদ্দিন আহমেদের এই অর্জনে তাঁর জন্মভূমি চাঁদপুরবাসী অত্যন্ত গর্বিত। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মানবিক ও জনসেবামূলক শিক্ষার দীক্ষা তিনি পেয়েছেন পারিবারিক আবহ থেকেই; তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র।
বারডেম জেনারেল হাসপাতালে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ ডায়াবেটিক রোগীদের আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণ ও চিকিৎসাসেবার সার্বিক গুণগত মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাঁদপুরের এই কৃতী সন্তানের নতুন দায়িত্বে সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।







