শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:১১

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রার মান পরিবর্তনের ওপর জোর দিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রার মান পরিবর্তনের ওপর জোর দিলেন জেলা প্রশাসক

"ডায়াবেটিসে দেরি নয়—ব্যবস্থা নিন এখনই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের স্বাস্থ্য প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভার পূর্বে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রাঙ্গণ থেকে অতিথিবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ও স্কাউট বাদক দলের বাদ্যের তালে তালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (রোড শো) বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসের সচেতনতামূলক রোড শোর নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁডাস-এর সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজমের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষক মো. জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর এবং চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. কে. এম. মাহাবুবুর রহমান। এ ছাড়া প্রতিপাদ্য বিষয়ের ওপর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন পুষ্টিবিদ মো. মাজহারুল হক চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও আজীবন সদস্য সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিচালনা পর্ষদ সদস্য ডা. বিশ্বনাথ পোদ্দার, আজীবন সদস্য ডা. মাইনুল ইসলাম মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডা. এম এ গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, আজীবন সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন, মজিবুর রহমান ফরহাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিস সমিতির সভাপতি আহমেদ জিয়াউর রহমান বলেন, দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম। তবে উদ্বেগের বিষয় হলো, তালিকার ওপরের দিকে থাকা অন্য দেশগুলোর জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কায়িক শ্রম কমে যাওয়া, জীবনযাত্রার পরিবর্তন এবং কৃষিকাজে শ্রমিকের স্বল্পতার কারণে গ্রামীণ অঞ্চলেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।

ডায়াবেটিস রোগীদের সেবার মান বাড়াতে এবং জনসচেতনতা তৈরিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক :

* ফ্রি-মেডিকেল ক্যাম্পের পরিধি বৃদ্ধি : ফ্রি-মেডিকেল ক্যাম্প পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া, যাতে আরও বেশি মানুষকে সেবার আওতায় আনা যায়।

* সংগঠনগুলোর পুনর্গঠন : জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, চাঁদপুর ক্লাব, শিল্পকলা একাডেমি ও ডায়াবেটিক হাসপাতালের দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় হতাশা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে এসব সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে ।

* এনএইচএস-এর আদলে মডেল তৈরি : লাইফটাইম সদস্যদের নিয়মিত রক্তচাপ ও ব্লাড সুগার মনিটরিংয়ের সুবিধার্থে উন্নত বিশ্বের মতো একটি মডেল চালুর কথা ভাবা হচ্ছে।

* মেডিকেল ক্যাম্পের ফ্রিকোয়েন্সি বাড়ানো : ঢাকার চিকিৎসকদের নিয়ে বছরে একবারের পরিবর্তে বছরে একাধিকবার বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেয়া হবে।

* চিকিৎসাসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা : ডায়াবেটিক হাসপাতালে ইনডোর ফ্যাসিলিটিজ, নিয়মিত চিকিৎসক, ওয়ার্ড বয়, ফিজিওথেরাপি, লিফট এবং ফুড কেয়ারের ওপর বিশেষ নজর দেওয়া হবে।

* কিডনি ফাউন্ডেশন ও মেডিকেল কলেজ স্থাপন : ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে একটি 'কিডনি ফাউন্ডেশন' প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়ে এ বিষয়, চিকিৎসক ও ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ ছাড়া অ্যাফিলিয়েটেড ডায়াবেটিক হাসপাতালের আদলে এখানেও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক স্পষ্ট করে বলেন, ডায়াবেটিক হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। এর ব্যবস্থাপনার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের সব সময় এই মানসিকতা বজায় রাখতে হবে। অতীতে ঘটে যাওয়া অনিয়মগুলো ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে তিনি হুঁশিয়ার করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিক হাসপাতালকে আরও অধিকতর সক্রিয় ও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন।

অন্যান্য বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্প পরিচালনা, মেডিকেল ক্যাম্পের পরিধি বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালকে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আরও যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়