প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮
অরূপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের দু যুগপূর্তি
প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপনে আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘নাটক মোদের অহংকার, নাটক হোক সমাজ গড়ার হাতিয়ার’— এ স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের ঐতিহ্যবাহী অরূপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (দু যুগপূর্তি) এবং ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) বাবুরহাট কলেজ মিলনায়তনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা এবং সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাধন চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার, নাট্যনির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মঈনুদ্দিন ভূঁইয়া লিটন এবং জাসাস চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মোবারক হোসেন সিকদার।
অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ পথচলায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠকদের সম্মাননা দেওয়া হয়। সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহসিন মজুমদার লিটন, কার্যকরী সদস্য ও অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. হাবিব উল্যাহ পাটোয়ারী, গার্ডেন থিয়েটার কুমিল্লার দলপ্রধান আতিকুর রহমান সুজন এবং ১৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মান্নান গাজী।
এ ছাড়া সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দীর্ঘ পথচলায় অবদান রাখায় বিশেষ সম্মাননা পান প্রতিষ্ঠাতা ও সভাপতি সাধন চন্দ্র দত্ত, সহ-সভাপতি মিল্টন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সপ্তমী রানী দত্ত, সাংস্কৃতিক সম্পাদক স্বাধীন চন্দ্র দত্ত, অর্থ বিষয়ক সম্পাদক কানাই চন্দ্র শীল, মহিলা সম্পাদিকা জোসনা রানী দাস এবং কার্যকরী সদস্য মহসিন হোসেন জমাদ্দার, ব্রজ গোপাল আচার্য্য, মামুনুর রশিদ, লোকমান হোসেন হাবিব, জয়নাল আবেদীন, তৃষা রানী দাস ও রতন চন্দ্র সূত্রধর।
আলোচনা পর্বে বক্তারা বলেন, একটি নাট্য সংগঠনের দু যুগের পথচলা শুধু সময়ের হিসাব নয়; এর পেছনে জড়িয়ে থাকে অসংখ্য শিল্পী, কলাকুশলী ও সংগঠকের শ্রম ও ত্যাগ। অরূপ নাট্যগোষ্ঠী দীর্ঘ ২৪ বছর ধরে সুস্থ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে নাট্যচর্চার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল্লাহ মাস্টার, শিক্ষক মিলন চন্দ্র পাল, ডা. ডি. কে. পোদ্দার অনু, সংগঠনের নামকরণকারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মিজিসহ প্রয়াত ও গুণী ব্যক্তিদের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
আলোচনা ও সম্মাননা প্রদান শেষে কেক কাটা হয়। পরবর্তীতে অরূপ নাট্যগোষ্ঠী ও সংগীত সংগঠনের শিল্পীদের সুরের মূর্ছনা ও মনোজ্ঞ পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বাবুরহাট কলেজ মিলনায়তন।







