বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২:৪৩

দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁবিপ্রবিতে র‍্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার।।

দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) একটি র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমানের নেতৃত্বে র‍্যালিটি প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ লোকমান হোসেনসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উপাচার্য দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি ও অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের স্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ লোকমান হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদা শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে রয়েছে। পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য নয়; এসব কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়