প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬
প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপনে দোয়েল সাংস্কৃতিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজন

চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের পরিচিত সংগঠন ‘দোয়েল সাংস্কৃতিক সংগঠন’-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সংগঠনের শিল্পীদের গান ও নৃত্যের নান্দনিক পরিবেশনা পুরো মিলনায়তন প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক পি. এম. বিল্লালের তদারকিতে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার এবং ‘নাটমঞ্চ’-এর সভাপতি উজ্জ্বল হোসাইন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আছিয়া আক্তার মিথিলা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, নিয়মিত সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সাংস্কৃতিক পর্বে মো. জুয়েল হোসেন (ফারাবী)-এর নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা একের পর এক নজরকাড়া নৃত্য পরিবেশন করেন। ‘আলগা করে গো’ গানে আকাশ ও রাহা এবং ‘পাতার বাঁশরী’ গানে রাহা ও আকাশ জুটিবদ্ধ হয়ে নৃত্য পরিবেশন করেন। ‘চ্যাঁংড়া বন্ধু রসিয়া’ গানে দলীয় নৃত্যে অংশ নেন শামীম, সাইফুল, আকাশ, জিয়া, মৌমিতা, লিজা ও নেহা।
এ ছাড়া ‘রসিলা রসিলা’ গানে রাহা, নেহা ও মৌমিতা; ‘নাও ছাড়িয়া দে’ গানে আকাশ, সাইফুল ও শামীম; ‘যে আমার মন কেড়েছে’ গানে রাহা, মৌমিতা ও নেহা এবং ‘গ্রামের নওজোয়ান’ গানে শামীম, সাইফুল, আকাশ ও জিয়া চমৎকার নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি ও তারুণ্যের উদ্দীপনায় ভরা এ পরিবেশনা দর্শকরা দারুণভাবে উপভোগ করেন।
অনুষ্ঠানশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত দোয়েল সাংস্কৃতিক সংগঠন সূচনা থেকেই চাঁদপুরে নৃত্য, সংগীত, প্রতিযোগিতা ও সৃজনশীল নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের নিয়মিত সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করে আসছে।








