মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮

কচুয়ায় ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা হবে

--------মুহাদ্দিস আবু নছর আশরাফী

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা হবে
ক্যাপশান : নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কচুয়া উপজেলায় মাদকের কবর রচনা করা হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) কচুয়া আসনের উত্তরাঞ্চলীয় সর্বশেষ নির্বাচনী জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি সমাজ গঠন করতে চাই। কচুয়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এই জনপদে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজের স্থান হবে না।”

তিনি আরও বলেন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও বৈষম্যহীন কচুয়া গড়তে জামায়াতে ইসলামি কাজ করবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মিসবাহের সভাপতিত্বে এবং ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসাইন হেলালীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুখলেসুর রহমান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কচুয়া উপজেলার নেতা ডাক্তার আরিফুল ইসলাম।

এ সময় ২নং পাথৈর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রধান, ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানি, বাংলাদেশ খেলাফত মজলিসের ১নং সাচার ইউনিয়ন সেক্রেটারি মুফতি মিজানুর রহমান নোমানী সহ জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসমাবেশে বক্তারা কচুয়ায় সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়