প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২:৩৯
মতলবে ১শ' ৫ পিচ ইয়াবাসহ দু সহোদর গ্রেফতার

মতলব দক্ষিণ উপজেলার চারটভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১শ' ৫ পিচ ইয়াবাসহ দু সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।
|আরো খবর
শনিবার (২ মে ২০২৬) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চারটভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ৮টার দিকে ওই এলাকায় একটি তিন কক্ষবিশিষ্ট ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনের দক্ষিণ পাশের একটি কক্ষে তল্লাশি চালিয়ে বাড়ির বাসিন্দা মো. সবুজ মিয়া (৪৫) ও তার ছোট ভাই মো. তমিজ মিয়া (৩৭)কে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে সবুজ মিয়ার কাছ থেকে ৭৩ পিচ এবং তমিজ মিয়ার কাছ থেকে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ১শ' ৫ পিচ।
গ্রেপ্তার হওয়া দুই সহোদর চারটভাঙ্গা গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হতে চলেছে বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর কার্যালয়ের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে ।








