রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:২৪

অসাবধনতায় থেমে গেলো বিদ্যুৎ-মিস্ত্রি মারুফের জীবনরথ

প্রবীর চক্রবর্তী।।
অসাবধনতায় থেমে গেলো বিদ্যুৎ-মিস্ত্রি মারুফের জীবনরথ

মাত্র বিশ বছর বয়সেই তিনি বিদ্যুতের নানা কাজ, পাইপ ফিল্টার স্থাপন ও গ্যাসের চুলা মেরামতের কাজে দক্ষ হয়ে উঠেছিলেন। কিন্তু প্রশিক্ষণবিহীন দক্ষতা অনেক সময় বিপদ ডেকে নিয়ে আসে। তার বড়ো উদহারণ বিদ্যুৎ মিস্ত্রি মারুফ হোসেন। শনিবার (২ মে ২০২৬) রাতে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের গাজী বাড়িতে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

নিহত মারুফ হোসেন ওই এলাকার মো. শফিক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক কাজসহ বিভিন্ন কারিগরি পেশায় যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ রয়েল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. ফাহাদ জানান, মারুফ অত্যন্ত পরিশ্রমী ও দক্ষ কর্মী ছিলেন। বৈদ্যুতিক কাজের পাশাপাশি পাইপ ফিল্টার স্থাপন ও গ্যাসের চুলা মেরামতের কাজেও তার সুনাম ছিলো। অল্প বয়সেই জীবিকার তাগিদে তিনি বিভিন্ন কারিগরি কাজে দক্ষতা অর্জন করেছিলেন। ঘটনার আগের দুদিন ধরেই তিনি ওই বাড়িতে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি অথবা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্টের বিষয়ে কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনাটি জেনেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়