শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩

আজ থেকে সারাদেশে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান, চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি

আব্দুল্লাহ আল মামুন
আজ থেকে সারাদেশে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান, চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলাপরিচ্ছন্নতা নিশ্চিত করতে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬'মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার নির্দেশনায় এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলাতেও আজ থেকে জোরদার করা হচ্ছে এই কার্যক্রম।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নেওয়ায় সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। চাঁদপুরেও জেলা ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে পরিচ্ছন্নতা অভিযানের প্রস্তুতি শেষ করেছে।

আজ শনিবার সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চাঁদপুরে বড় পর্দা বা প্রজেক্টরের মাধ্যমে মূল উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠন (বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউটস)সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এর পরপরই জেলাজুড়ে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী তিন মাস প্রতি শনিবার জেলার সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজ নিজ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। লার্ভা যেন জন্মাতে না পারে, সেজন্য জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও পুরোনো টায়ার অপসারণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া মাইকিং, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।

একই সঙ্গে শিক্ষা অফিসারদের সমন্বয়ে শিক্ষার্থীদের দল গঠন করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো কার্যক্রমটি সপ্তাহভিত্তিক কর্মপরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে।

অভিযানের সার্বিক বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, "জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি-বেসরকারি সব অফিসকে তাদের কার্যালয় ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রতি শনিবার এই তদারকি জোরদার করবো।"

তিনি আরও জানান, ‘চাঁদপুর পৌরসভাকে পৌর এলাকার পরিচ্ছন্নতা ও মশক নিধনে কার্যকর ভূমিকা রাখতে বলা হয়েছে। পাশাপাশি 'ক্লিন চাঁদপুর'সহ অন্যান্য সামাজিক সংগঠনকেও যুক্ত করা হচ্ছে। সব প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি ও ভিডিওসহ অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।’

জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় সব মাঠপর্যায়ের দপ্তরগুলোকে নিয়ে অভিযানটি সরাসরি পরিচালনা করবেন। নির্ধারিত ছক অনুযায়ী প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই কর্মসূচির বাস্তবায়ন প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়