প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২১:২৯
হাজীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৬ অবৈধ ইটভাটা বন্ধ ও ডোপ টেস্ট চালুর সিদ্ধান্ত

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৬টি অবৈধ ইটভাটা বন্ধ, মাদক রোধে ডোপ টেস্ট কিট ক্রয়, অবৈধ ড্রেজার উচ্ছেদ, প্রতি শনিবারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|আরো খবর
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) উপজেলা ই-সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি তাঁর প্রারম্ভিক বক্তব্যে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ট্যাগ অফিসার, পুলিশ প্রশাসন, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট সকল টিমের তৎপরতার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের সব বিভাগ সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদক নিয়ন্ত্রণে হাজীগঞ্জে দ্রুত ডোপ টেস্ট চালুর বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।"
সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান আকন বলেন, "ভূমিসেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে সরাসরি আমার কাছে আসবেন, আমি তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করবো। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে থানার অফিসার ইনচার্জ অবহিত করা মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করবো।"
সভায় আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন পাটওয়ারী, সদস্য সচিব মো. মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু মাহমুদ এবং ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও মো. মজিবুর রহমান।
সভায় উপজেলার ৮টি ইটভাটার মধ্যে ৬টি অবৈধ ইটভাটা বন্ধ করা, মাদক নির্মূলে ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ ঘোষণা করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
---







