প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২১:০৮
যুবদলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
----জিয়াউর রহমান জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বলেছেন, যুবদল একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার—ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে সংগঠনকে আরও গতিশীল করা। যুবদলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
|আরো খবর
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপশক্তি অপচেষ্টা চালাচ্ছে। যুবদলকে এসব অপশক্তি প্রতিহত করতে সুসংগঠিতভাবে মাঠে থাকতে হবে। দেশনায়ক তারেক রহমান ও বিএনপির শক্তি হিসেবে দেশকে নৈরাজ্যমুক্ত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে তৃণমূলের নেতা-কর্মীরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে অপরাধীদের আইনের হাতে তুলে দেবেন বলে আমি বিশ্বাস করি।
দিবসটি উপলক্ষে সকালে মতলব বাজারের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর। বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ও মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর বিকেল ৪টায় মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডসহ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সরকার শাওন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান ও সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকনসহ বিএনপি ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।







