প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭
দুটি টিম গঠন, প্রতি শনিবার চলবে বিশেষ কার্যক্রম
চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে অভিযান শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে অনুষ্ঠিত এ অভিযানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে অফিস চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। একই সাথে প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো অপসারণ ও ধ্বংস করেন ।
অভিযানশেষে চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস প্রতি শনিবার জেলা পরিষদের সকল স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। এটি সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের দুটি টিমে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ডেঙ্গু রুখতে নিজ নিজ অফিস ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা জরুরি। সেই তাগিদ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
সংশ্লিষ্টরা জানান, শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। জেলা পরিষদের এই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।








