প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯
ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে চাঁদপুর জেলা যুবদল।
|আরো খবর
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
উদ্বোধনী বক্তব্যে মানিকুর রহমান মানিক বলেন, "ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নাগরিক দায়িত্ব। নিজেদের ঘরবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই যুবদলের নেতা-কর্মীরা মাঠে নেমেছেন। চাঁদপুরের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতার এই বার্তা পৌঁছে দেওয়া তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের ঘোষণা অনুযায়ী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এই সচেতনতা ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হচ্ছে।
অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোস্তফা বন্দুকসী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসিম মাতব্বর, মো. হিরণ মাঝি, সহ-দফতর সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম খান, মাহাবুব মুন্না, মমিন হাওলাদার, জিয়া প্রধানিয়াসহ জেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর নেতা-কর্মীরা সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট ও তথ্য প্রচার করেন।








