প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৯
রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ
চাঁদপুর রোটারী ক্লাবের ২৭২৭তম সভায় ডা. এম জি ফারুক ভূঁইয়া

রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ ও আগে থেকে সচেতন হওয়া বেশি গুরুত্বপূর্ণ”—বলেছেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সিভিল সার্জন (পিপি) ডা. এম জি ফারুক ভূঁইয়া, পিএইচএফ।
সম্প্রতি এক সন্ধ্যায় চাঁদপুর রোটারী ক্লাবের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত ক্লাবের ২৭২৭তম নিয়মিত সাপ্তাহিক সভায় সংক্রামক রোগ প্রতিরোধ ও হৃদরোগ বিষয়ে মূল বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
২০২৬-২০২৭ রোটারী বর্ষের ১৪তম এই সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট পলাশ মজুমদার পিএইচএফ। অনুষ্ঠান পরিচালনা ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হাবিবুর রহমান পাটোয়ারী পিএইচএফ।
সভায় ডা. এম জি ফারুক ভূঁইয়া সংক্রামক ও অসংক্রামক বিভিন্ন রোগের ঝুঁকি এবং প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ : ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর জোর দেন তিনি। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা ও পুরোনো টায়ার নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান, যাতে মশার প্রজননস্থল তৈরি না হতে পারে। এছাড়া জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং নিজে নিজে ওষুধ সেবন না করার পরামর্শ দেন।
শিশুদের টিকাদান : হামসহ অন্যান্য টিকাদানযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষায় সঠিক সময়ে প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানান প্রবীণ এই চিকিৎসক।
হৃদরোগের ঝুঁকি হ্রাস : হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বুকে ব্যথা বা চাপ, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘাম কিংবা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া ব্যথার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।
ডা. ফারুক ভূঁইয়া পরিবার, সমাজ ও বিভিন্ন সেবামূলক সংগঠনের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন। তাঁর বক্তব্য শেষে উপস্থিত রোটারিয়ানরা স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং পরামর্শ গ্রহণ করেন।







