প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৫
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠবার্ষিকীতে শুভেচ্ছাবার্তা

১৯৬৮ সালের ৫ নভেম্বর একটি ছোট্ট স্বপ্ন ও দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’। দেখতে দেখতে সেই স্বপ্নযাত্রার বয়স আজ ৫৮ বছর। দীর্ঘ এই পথপরিক্রমায় সংগঠনটি শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা, মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে অনন্য অবদান রেখে এসেছে। নানা প্রতিকূলতা পেরিয়ে এই নিরবচ্ছিন্ন অগ্রযাত্রার নেপথ্যে রয়েছে অসংখ্য সংগঠক, কর্মী, অভিভাবক এবং কচি-কাঁচাদের আন্তরিক শ্রম, নিষ্ঠা ও ভালোবাসা।
৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’র সকল সদস্য, শুভানুধ্যায়ী, অভিভাবক ও আমাদের প্রিয় কচি-কাঁচাদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। কচি-কাঁচার মেলার শিশু-কিশোরেরা জ্ঞান, মুক্তবুদ্ধি ও মানবিকতার আলোয় নিজেদের বিকশিত করবে, অজ্ঞতা ও কুসংস্কারের অন্ধকার ভেদ করে তারা গড়ে তুলবে এক উদার, অসাম্প্রদায়িক ও ভালোবাসাময় পৃথিবী—এটাই আমাদের একান্ত প্রত্যাশা।
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার এই আলোকিত পথচলা আরও দীর্ঘ, সমৃদ্ধ ও বহুমাত্রিক হোক—৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শুভকামনা জানাই।
খোন্দকার মো: আসাদুজ্জামান
সভাপতি
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা








