প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৪:২৭
রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা আক্তার ওই বাড়ির খোকন মিয়ার মেয়ে এবং সিরাজ মিয়ার নাতনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঘুম থেকে জেগে মাকে খুঁজতে ঘর থেকে বের হয় শিশু রাইসা। একপর্যায়ে সে বাড়ির পেছনের পুকুরপাড়ে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা লাকী বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পেছনের পুকুর থেকে রাইসার মরদেহ উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন। এরপর শিশুটির চাচা সুমন হোসেন তাকে পার্শ্ববর্তী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাকে খুঁজতে গিয়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








