বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২

ইউনিয়ন পরিষদ নির্বাচন : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী-১০

গোবিন্দপুর উত্তর আওয়ামী লীগের দুর্গে এবার বসতি গড়তে পারবে বিএনপি?

নুরুল ইসলাম ফরহাদ
গোবিন্দপুর উত্তর আওয়ামী লীগের দুর্গে এবার বসতি গড়তে পারবে বিএনপি?

ফরিদগঞ্জ উপজেলাকে বলা হয় বিএনপির ঘাঁটি। এই ঘাঁটিতে কখনো কখনো আঘাত হেনে আওয়ামী লীগও তা দখলে নিয়েছে। তবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ঘাঁটি হলেও, উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ। শুধু বলার জন্য বলা নয়, কাগজে-কলমেও এটি প্রমাণিত আওয়ামী লীগের দুর্গ হিসেবে। এই ইউনিয়ন থেকে বিএনপির চেয়ারম্যান কবে বা কে নির্বাচিত হয়েছেন, এমন তথ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি বা কেউ দিতে পারেননি। দীর্ঘ সময় ধরে এখানে আওয়ামী লীগের প্রার্থীই বিজয়ী হয়েছেন। সর্বশেষ যিনি বিজয়ী হয়েছেন, তিনি নৌকা প্রতীকের লোক না হলেও আওয়ামী পরিবারেরই লোক। যদিও কিছুদিন আগে তিনি নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দিয়ে রাজনীতি থেকে আপাতত অবসর নিয়েছেন।

এবার মাঠে আওয়ামী লীগ নেই; বলতে গেলে একদম খালি মাঠ। এই খালি মাঠে বিএনপি কি এবার গোল দিতে পারবে? নাকি বাধা হয়ে দাঁড়াবে জামায়াত? তা সময়ই বলে দেবে। ইউনিয়নবাসীর মুখে মুখে এখন একটাই কথা—আওয়ামী লীগের দুর্গে এবার কি বিএনপি বসতি গড়তে পারবে?

বেশ কয়েকটি কারণে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নটি গুরুত্বপূর্ণ। ফরিদগঞ্জ এবং চাঁদপুর সদরের মাঝখানে ইউনিয়নটির অবস্থান। আঞ্চলিক মহাসড়কের অধিকাংশ অংশ এই ইউনিয়নের ভেতর দিয়ে গেছে। এছাড়া রূপসা উত্তর ও দক্ষিণ, ফরিদগঞ্জ সদর এবং বালিথুবা পশ্চিম ইউনিয়নের কিছু অংশ এর সঙ্গে যুক্ত।

২০২৪ সালের ৫ আগস্টের পর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এখন রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এই ইউনিয়ন থেকে জয়লাভ করার জন্য বিএনপির জন্য এটি একটি মাহেন্দ্রক্ষণ। বিএনপি কি এই সুযোগ কাজে লাগাতে পারবে?

৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের আয়তন ১৫.৪৯ বর্গকিলোমিটার (প্রায়)। এই ইউনিয়নের গ্রাম ৮টি। ইউনিয়নের ২টি বাজার রয়েছে—নয়াহাট বাজার ও ধানুয়া বাজার। এখানকার মোট রাস্তার দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, যার মধ্যে কাঁচা রাস্তা ২৭ কিলোমিটার ও পাকা রাস্তা ১৩ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন, পূর্বে ফরিদগঞ্জ পৌরসভা ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন, উত্তরে বালিথুবা পশ্চিম ইউনিয়ন এবং পশ্চিমে চাঁদপুর সদর অবস্থিত। ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ধানুয়া মিনি হাওর (ধানুয়া-গাজীপুর ব্রিজ) ও ডাকাতিয়া নদী।

ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মোট ভোটার ২৫ হাজার ২১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৬৫ জন এবং নারী ভোটার ১২ হাজার ৫৪ জন। মোট ভোটকেন্দ্র ৯টি ও ভোটকক্ষ ৪৯টি।

বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। তিনি আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। এবারও তিনি স্বতন্ত্র থেকে প্রার্থী হতে পারেন। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সোহেল চৌধুরী (সুন্দর আলী)।

এবার বিএনপি পরিবার থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহমান বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য, সমাজসেবক জাকির হোসেন খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মানিক মিয়া এবং ২০২১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. মাসুদ আলম। তিনি এবারও নির্বাচন করবেন; তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মিলন, বিএনপির একনিষ্ঠ কর্মী আ. ছাত্তার পাটওয়ারী ও জাহাঙ্গীর হোসেন অপু এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদি হাসান মঞ্জু।

জামায়াত সমর্থিত সম্ভাব্য প্রার্থী রোকন উদ্দিন তালুকদার। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, এখানে জামায়াতের প্রার্থী পরিবর্তন হতে পারে। এ ছাড়া আওয়ামী লীগ পরিবার থেকে মোহাম্মদ আলী চৌধুরী (রনি চৌধুরী)ও নির্বাচন করবেন বলে জানা গেছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়