প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৫:০১
শ্রীনগরে সততা ও মিতব্যয়িতায় পথ দেখিয়েছেন ফেরিওয়ালা তোফাজ্জল

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্টি গ্রামের মৃত তাসের ফকিরের ছেলে মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি পেশায় একজন ভাসমান চানাচুর বিক্রেতা হলেও তাঁর সততা, কঠোর পরিশ্রম ও মিতব্যয়িতা আজ তাঁকে স্বাবলম্বী করে তুলেছে।
|আরো খবর
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ভ্যানগাড়িতে করে বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে শ্রীনগরের হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও পথপ্রান্তে ঘুরে বিক্রি করেন। তাঁর ভ্রাম্যমাণ দোকানে থাকে ঝাল ও মিষ্টি মুড়লি, চানাচুর, খাস্তা ও নিমকি।
খাদ্যের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে তোফাজ্জল হোসেন বলেন, "আড়ত থেকে এসব খাবার কিনে পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখি, যাতে ধুলাবালি প্রবেশ করতে না পারে। শুরু থেকেই ব্যবসার সততা ও খাবারের পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেছি।"
সততা ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে তার দোকানের বেশ সুনাম রয়েছে এবং সবসময় ক্রেতাদের ভিড় লেগে থাকে। তোফাজ্জল হোসেন বিশ্বাস করেন, সততার সঙ্গে যে কোনো কাজ করলে সফলতা আসবেই।
ক্ষুদ্র এই ব্যবসা থেকে পাওয়া আয়ের সঠিক ব্যবহার ও মিতব্যয়িতার মাধ্যমে পরিবারে সচ্ছলতা এনেছেন তিনি। প্রতিদিন তাঁর গড়ে পাঁচ হাজার টাকা বিক্রি হয়। এই উপার্জনে সংসার চালানোর পাশাপাশি অর্জিত সঞ্চয় দিয়ে তিনি তার চার মেয়েকে বিয়ে দিয়েছেন এবং দুই ছেলেকে পাঠিয়েছেন প্রবাসে।
বর্তমানে দুই ছেলের আয়ে সংসার স্বাচ্ছন্দ্যে চললেও ভালোবাসার টানে এখনো এই পেশা ধরে রেখেছেন পরিশ্রমী তোফাজ্জল হোসেন।








