প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২
শাহতলীতে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই
......... চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
সোমবার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, "এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। খেলা যাতে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, আয়োজকদের তা নিশ্চিত করতে হবে; প্রয়োজনে একটি শৃঙ্খলা কমিটি গঠন করা যেতে পারে। খেলায় হারের পাশাপাশি জয়ও থাকবে, তাই মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নিতে হবে।"
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। আমরা যেখানেই মাদকের খবর পাচ্ছি, পুলিশ পাঠাচ্ছি। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। আমরা সবাই মিলে শাহমাহমুদপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।"
অনুষ্ঠানে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোশারফ কারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ এবং জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. শান্ত গাজী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহীম খলিলসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তিনটি ম্যাচে ছয়টি দল অংশগ্রহণ করে। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট দল পরস্পরের মুখোমুখি হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। উদ্বোধন শেষে প্রধান অতিথি সোহেল রুশদী শাহতলী ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের হাতে নতুন ফুটবল তুলে দেন।








