প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:১১
কচুয়ায় সরকারি খালের অবৈধ ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিলো ভূমি অফিস

কচুয়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার মেঘদাইর ডাক্তার বাড়ির পেছনের সরকারি খালে এ অভিযান চালানো হয়।
|আরো খবর
অভিযানের নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী। এ সময় খালের মধ্য থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও প্রায় ২০০ মিটার পাইপসহ অন্যান্য সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছু মালামাল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা কৌশলে পালিয়ে যায়।
অভিযানের বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী জানান, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনের পাইপ ও ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের চেষ্টা চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।”
---








