প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৬:১৬
সাবেক এমপি এসএ সুলতান টিটুর আক্ষেপ
তারেক রহমান আমার চাঁদপুরে, আমার অসুস্থতায় আমি নেই সেখানে

৮ম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি সরকারের সময়ের শেষলগ্নে ২০০৬ সালে যখন চাঁদপুর সদর আসনের এমপি ছিলেন ফ্লা. লে. (অব.) এস এ সুলতান টিটু, তখন (৪-৬ জুলাই ২০০৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান তিনদিনের সাংগঠনিক সফরে চাঁদপুর আসেন। তিনি চাঁদপুর, হাইমচর, মতলব, শ্হরাস্তি ও কচুয়ায় বহু কর্মসূচিতে অংশ নেন। তারপর ১৯ বছর ১০ মাস ১০ দিন কেটে গেলো, তারেক রহমান নানা প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রিয় চাঁদপুরে আসলেন। পুরো জেলাবাসী আনন্দের জোয়ারে ভাসছে। অথচ তাতে অংশ নিতে কোনোভাবেই আসতে পারলেন না জনাব এস এ সুলতান টিটু। কারণ, তিনি অসুস্থাবস্থায় এখন ঢাকার বাসায় শয্যাশায়ী। তিনি শনিবার (১৬ মে ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর কণ্ঠকে মুঠোফোনে আক্ষেপ করে বলেন, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনের মাহেন্দ্রক্ষণে আমি অনুপস্থিত। এটা আমার চরম দুর্ভাগ্য। আমি প্রধানমন্ত্রীকে চাঁদপুর সফরে আনার পারঙ্গমতার জন্যে চাঁদপুর সদরের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিককে অভিনন্দন জানাচ্ছি এবং প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।








