শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:৩৬

২০ বছর পর শাহরাস্তিতে তারেক রহমানের আগমন

এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে উৎসাহ উদ্দীপনায় বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন

মো. মঈনুল ইসলাম কাজল
এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে উৎসাহ উদ্দীপনায় বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন
ক্যাপশন - প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শাহরাস্তিতে প্রস্তুত মঞ্চ।

২০ বছর পর আজ শাহরাস্তিতে আসছেন তারেক রহমান। তবে ২০ বছর আগে এসেছেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পরিচয়ে, আর এবার আসছেন সরাসরি প্রধানমন্ত্রী হয়ে। দুপুর সাড়ে বারোটায় তিনি উয়ারুকে খোদ্দ খাল খননের উদ্বোধন করবেন।

২০০৬ সালের ৬ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি চাঁদপুর সফর করেন। সে সময় তিনি শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে জনসভায় বক্তব্য রাখেন। ২০ বছর পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে চাঁদপুর সফরে আসছেন। চাঁদপুর সফরের প্রথমেই তিনি শাহরাস্তিতে খোদ্দ খাল খননের উদ্বোধন করবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বেশ ক'দিন ধরে শাহরাস্তিজুড়ে উৎসাহের আমেজ তৈরি হয়েছে। প্রশাসন ও দলীয়ভাবে কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল বের হয়। প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। নির্বিঘ্নে কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য দিনরাত তদারকি করেছেন ও করছেন। এছাড়াও মন্ত্রী এমপি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের বিপুল উপস্থিতি ঘটবে তারেক রহমানকে একনজর দেখার জন্যে। প্রধানমন্ত্রী শাহরাস্তিতে প্রায় ৪৫ মিনিট উপস্থিত থাকবেন। এরপর তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শাহরাস্তিতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সফর। কোনো প্রধানমন্ত্রী ইতঃপূর্বে শাহরাস্তিতে সশরীরে উপস্থিত হয়ে উন্নয়ন কাজে অংশ নিতে দেখা যায়নি। ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সড়কের উন্নয়ন কাজ করা হয়েছে। সড়কের দু পাশে সৌন্দর্য বর্ধন করা হয়েছে, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে পুরো এলাকা। উপজেলা বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে। দর্শকদের মাতিয়ে রাখতে গান গাইবেন দেশখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়