শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৪:১৭

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঘোষেরহাটে উৎসবের আমেজ, জনসমুদ্রে পরিণত খাল খনন কর্মসূচির মাঠ

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঘোষেরহাটে উৎসবের আমেজ, জনসমুদ্রে পরিণত খাল খনন কর্মসূচির মাঠ
আব্দুল্লাহ আল মামুন

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বহু প্রতীক্ষিত বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে কর্মসূচির স্থলে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ নতুন জামা-কাপড় পরে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

বিশেষ করে তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিল সহকারে সভাস্থলে আসেন। কোথাও ঢোল-বাদ্যের তালে তালে আনন্দ মিছিল, আবার কোথাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ঘোষেরহাট যেন রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকাজুড়ে কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি চলছিলো। রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন টানানোর মাধ্যমে পুরো এলাকাকে সাজানো হয়েছে নান্দনিকভাবে। কর্মসূচিতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেন ভোর থেকেই।

খাল পুনঃখনন কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকে মনে করছেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও এলাকার পরিবেশ উন্নয়নে ঘোষেরহাটে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এটি সাধারণ মানুষের প্রত্যাশা ও উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে।

কর্মসূচিস্থলে আগত অনেকেই জানান, প্রধানমন্ত্রীর আগমন তাদের জন্যে গর্বের বিষয়। তাই এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তারা পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নারী, পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয়েছে এক মিলনমেলায়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সভাস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্বেচ্ছাসেবকরাও আগত মানুষদের সার্বিক সহযোগিতা করছেন।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমন ও বিশ্ব খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে ঘোষেরহাটে এখন উৎসবের আবহ বিরাজ করছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়