প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৪
নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া সম্পন্ন

চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর শহরের বিভিন্ন মসজিদে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ ও পারিবারিক উদ্যোগে তাঁর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
|আরো খবর
চাঁদপুর শহরের ঐতিহাসিক চৌধুরী জামে মসজিদে মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাও. মুফতি আবদুল হাদি। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের মোয়াজ্জিন ছালিমউদ্দিন, হাফেজ মাহমুদুল হাসান ও খাদেম জাহিদুল ইসলামসহ অসংখ্য ধর্মপ্রাণ মসলমান।
এ ছাড়া শহরের বকুলতলা মার্কেট সংলগ্ন রেলওয়ে জিলানীয়া জামে মসজিদে আলোচনা, মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাও. মুফতি ওবায়েদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, মসজিদের মোয়াজ্জিন ইয়াকুব আলী, বহু মাদ্রাসার হাফেজ ছাত্রসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান।
উল্লেখ করা যেতে পারে, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) তারিখে চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ৪২তম মৃত্যুবার্ষিকী ছিলো। তৎকালীন চাঁদপুর মহকুমায় মোহাম্মদ আলী বিভিন্ন নাটকে সুনিপুণ অভিনয় করে তাঁর বিরল প্রতিভার স্বাক্ষর রাখেন।
বিশেষ করে তিনি স্বাধীনতোত্তরকালে বাংলাদেশ চলচ্চিত্র ও বিটিভির শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী, আনোয়ার হোসেন, নায়ক প্রবীর মিত্রসহ অনেক খ্যাতিমান অভিনেতার সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তৎকালীন বৃহত্তর কুমিল্লা জেলার আন্তঃজেলা নাট্যোৎসবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষে অভিনয় করে বেশ ক’বার একক পুরস্কার লাভ করেন। তিনি চাঁদপুর ছাড়াও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পর্যায়ে অভিনয় ও খেলাধুলায় অংশগ্রহণ করে কয়েকবার একক পুরস্কার লাভ করেন ও প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি সুনিপুণ অভিনয় প্রতিভার মাধ্যমে তৎকালীন চাঁদপুর মহকুমায় অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী সৃষ্টি করতে সফল হন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি কিডনীরোগে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি চাঁদপুরের নাট্যাঙ্গনের পথিকৃৎ ও স্বনামধন্য নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও চাঁদপুর বনানী খেলাঘর আসরের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি আইপি টিভি ‘চাঁদপুর টিভি.কম’- এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম-এর উপদেষ্টা, ঢাকা টাইমস্ ২৪.কম, দৈনিক চাঁদপুর কন্ঠ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি ও চাঁদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ শওকত আলীর জ্যেষ্ঠ ভ্রাতা।








