প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪
মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওছমানিয়া কামিল মাদ্রাসা। ১৯২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকলেও মাঠের সমস্যা ও পর্যাপ্ত উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত ক্রীড়াচর্চা।
মাদ্রাসার শিক্ষার্থী ফয়সাল ও আশরাফুজ্জামান জানান, তাদের মাদ্রাসায় একটি মাঠ থাকলেও তা সমতল নয়। সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে কাদাময় পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া স্থানীয় কিছু ব্যক্তি নিয়মিত মাঠে গরু বেঁধে রাখায় প্রবেশপথ ও পরিবেশ নষ্ট হচ্ছে। দ্রুত মাঠটি ভরাট ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করার দাবি জানায় তারা।
ছেলেদের মধ্যে খেলাধুলার উদ্দীপনা থাকলেও মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। শিক্ষার্থী রেদোয়ান ও মাহবুব আলম জানান, মেয়ে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ কম, তবে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি সক্রিয়। কয়েকজন মেয়ে শিক্ষার্থী জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চার সুযোগ থাকলেও অভিভাবকীয় মানসিকতা ও সামাজিক বাস্তবতার কারণে তারা এতে পুরোপুরি যুক্ত হতে পারছে না।
মাদ্রাসা সূত্রে জানা যায়, বর্তমানে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও সাঁতারের প্রতি আগ্রহ বেশি। উপজেলা পরিষদ থেকে কিছু ক্রীড়া সামগ্রী পাওয়া গেছে এবং বিষয়টির তদারকি করছেন সহকারী শিক্ষক (বিপিএড) মো. রফিকুল ইসলাম।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদ আল মাহাদী জানান, তাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অংশ নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। প্রাতিষ্ঠানিক পক্ষ থেকে সবসময় তাদের উৎসাহ দেওয়া হয়।
সার্বিক বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. তাজুল ইসলাম বলেন, “২০২০ সালে আমাদের মাদ্রাসা চাঁদপুর জেলা পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লায় অংশ নিয়েছিল। বর্তমানে শিক্ষার্থীরা ‘প্রাইম মিনিস্টার ফুটবল কাপ টুর্নামেন্ট’-এ অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। মাঠের সমস্যা দূর হলে শিক্ষার্থীরা খেলাধুলায় আরও ভালো ফলাফল আনতে সক্ষম হবে।”





