প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬
জেলার ক্রিকেট অঙ্গনে আলোচিত ক্রীড়া সংগঠন উদয়ন ক্লাব

চাঁদপুর শহরের বহুল পরিচিত আবাসিক এলাকা রহমতপুর কলোনী। পাড়ার ছেলেদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের প্রয়োজনে গড়ে তোলা হয় উদয়ন ক্লাব। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত এই ক্লাবটির পরিচিতি ও জনপ্রিয়তার মূল চাবিকাঠি হয়ে উঠে ক্রিকেট। যেখানে স্থানীয় তরুণরা ব্যাট-বল হাতে তুলে নিয়ে জেলা ক্রিকেট লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয় এবং সাফল্যের মাধ্যমে নিজেদের সুনাম ছড়িয়ে দেয়। জেলা ক্রিকেট লীগে চমৎকার নৈপুণ্য ও ধারাবাহিক সাফল্য প্রদর্শনের মাধ্যমে উদয়ন ক্লাব স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম অর্জন করে।
ক্লাবটি স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি সামাজিক মেলবন্ধনের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবেও পরিচিতি পায়। এই ক্লাবটি দক্ষতার সাথে পরিচালনা এবং জেলা ক্রিকেট লিগে পরপর দুবার চ্যাম্পিয়ন ও একবার যুগ্ম চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জনের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি, চাঁদপুর পৌরসভার একাধিকবারের ওয়ার্ড কাউন্সিলর ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান। একবার টেবিল টেনিসে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো এই উদয়ন ক্লাব।
ক্লাব সভাপতি ডিএম শাহজাহান জানান, মূলত রহমতপুর আবাসিক এলাকায় যারা বসবাস করেন তাদের সহযোগিতায় উদয়ন ক্লাব চাঁদপুরের ক্রীড়াঙ্গনে নিজস্ব অবস্থান ধরে রেখেছে। এ ক্লাবের বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এই আবাসিক এলাকায় নিজস্ব জমিতে ক্লাব ভবন থাকা। স্বাধীনতার পরপরই ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ভূঁইয়া ও রাজনৈতিক নেতা আবুল হোসেন ঢালী উদয়ন ক্লাব প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে হাবিব পাটোয়ারী আহ্বায়ক ও সাইফুল ইসলাম সদস্য সচিব থাকাকালীন এ দুজন ক্লাবটি পরিচালনা করেন। এরপর সোহরাব হোসেনের তত্ত্বাবধানে ছিলো ক্লাবটি। পরবর্তীতে রহমতপুর কলোনি হাউজিং এস্টেট থেকে জায়গা খরিদ করে উদয়ন ক্লাব ভবন তৈরি করা হয়। ক্লাব ভবন নির্মাণাধীন থাকাবস্থায় ডিএম শাহজাহান সভাপতি ও হাবিব উল্লাহ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, যে কমিটি দ্বারা এই ক্লাবটি পরিচালিত হয়ে আসছে।
রহমত কলোনির উদয়ন ক্লাব বলতেই ডিএম শাহজাহানকেই চিনেন এবং জানেন শহরবাসী। তাঁর নেতৃত্বে চাঁদপুর জেলা ক্রিকেট লিগে নিয়মিত অংশগ্রহণ থাকতো উদয়ন ক্লাবের। ২০০৮ সালের পর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ডিএম শাহজাহানসহ অন্যদের দূরে রেখে ক্লাবটি চালালেও খেলাধুলায় আর সাফল্য বয়ে আনতে পারেনি। এখন আবার চাঁদপুর উদয়ন ক্লাবকে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে জরাজীর্ণতা মুছে ফেলে নতুন উদ্যমে ক্লাব পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএম শাহজাহান।
পাড়া বা স্থানীয় ক্লাবের ক্রিকেট পরিচিতি অর্জনের মূল কারণগুলো : স্থানীয় টুর্নামেন্ট : ক্লাবগুলো বিভিন্ন স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট, যেমন জেলা ক্রিকেট লিগে অংশগ্রহণ, টেপ টেনিস বল ক্রিকেট আয়োজন করে নিজেদের পরিচিতি গড়ে তোলে।
প্রতিভা অন্বেষণ : এই ক্লাবগুলো থেকে অনেক তরুণ খেলোয়াড় উঠে আসে, যারা পরবর্তীতে জেলা বা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়।
সামাজিক যোগাযোগ : ক্রিকেট খেলার মাধ্যমে পাড়ার ক্লাবগুলো স্থানীয় জনমানুষের সাথে একটি শক্তিশালী সামাজিক যোগাযোগ স্থাপন করে।
আকর্ষণ : এই ক্লাব পাড়ার তরুণদের জন্যে একটি আনন্দদায়ক এবং গঠনমূলক কাজের কেন্দ্র হিসেবে কাজ করে।
রহমতপুর কলোনির উদয়ন ক্লাব জেলা প্রিমিয়ার লিগ জয়ে সামগ্রিকভাবে স্থানীয় ক্রিকেটে অংশগ্রহণ ও বুদ্ধিমত্তাসম্পন্ন দল গঠন করে তাদের দ্রুত জনপ্রিয় করে তোলে, যা দলটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। উদয়ন ক্লাব স্থানীয় তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের এই প্রচেষ্টা স্থানীয় ক্রিকেট ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু এখন নিয়মিত ক্রিকেট লিগ টুর্নামেন্ট না হওয়ায় তাদের অংশগ্রহণও থমকে গেছে। ফলে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে পাড়ার এই ক্লাবটি। একটা সময় জেলা ক্রীড়া সংস্থায় পাড়াভিত্তিক ক্লাব নিবন্ধন দেওয়া হতো। সে সুযোগে জেলা ক্রীড়া সংস্থায় আসে উদয়ন ক্লাব। দীর্ঘদিন টানা খেলে গেছে ক্লাবটি ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টে। তবে চাঁদপুরের ক্রিকেট অঙ্গনে সাফল্য ধরা দিতে থাকে ডিএম শাহজাহানের নেতৃত্বের মাধ্যমেই। তিনি বলেন, অচিরেই ক্লাব সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে পুনরায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ক্লাব কার্যক্রমকে আগের মতো গতিশীল করা হবে।








