প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫
ফরিদগঞ্জের পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট
ঐতিহ্য ও ইতিহাসের ধারক পাইকপাড়াকে নতুন করে আলোতে আনলো

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের মাঠটির নাম বর্তমানে ইউনিয়ন ও উপজেলার গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। যেনো ৫৪ বছর পূর্বের আলোচিত এই মাঠটিকে আবারো সামনে নিয়ে আসলো পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। এর নেপথ্যের কারিগর পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। এর সাথে যোগ হয়েছে ক্রীড়াপ্রেমী এলাকাবাসী, ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা। তাদের সম্মিলিত প্রয়াসে সম্প্রতি পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৬-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। টেপ টেনিস ক্রিকেটের এই আয়োজনের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে।
আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের মধ্যেও পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের মাঠটির অবদান রয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে পাইকপাড়া বিদ্যালয়ের মাঠটি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প হিসেবে দীর্ঘ সময়ে ব্যবহার হয়েছে। এই মাঠে দেশের বিভিন্ন স্থান থেকে সেই সময়ে শত শত তরুণ এসে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্যে ট্রেনিং নিয়েছে এবং যুদ্ধে অংশ নিয়েছে। আবার এই বিদ্যালয়টি নিরাপদ হিসেবে মুক্তিযোদ্ধারা বিদ্যালয় ভবনটিকে তাদের এই ঘাঁটি হিসেবে ব্যবহারও করেছে।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই মাঠটি আলোচনায় আসলো টানা ৬ বছর জমকালো গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে। দলমত নির্বিশেষে সকলে মিলে এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিলো যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা।
তেমনটিই জানালেন টুর্নামেন্ট কমিটির সিজন ৬-এর আহ্বায়ক জুয়েল মজুমদার ও অন্যতম আয়োজক আব্দুল্লাহ। তারা বলেন, সর্বগ্রাসী মাদক আমাদের ফরিদগঞ্জকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। বছরে অন্তত একটি মাস তাদের এই মরণ-আড্ডা থেকে সরিয়ে মাঠে রাখার পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসী ভাইয়েরা এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা নেই। মাসব্যাপী এই আয়োজনে সর্বশেষ সিজন ৬-এর গ্র্যান্ড ফাইনালে প্রায় ১০ হাজার দর্শক সমাগম হয়েছিলো। শিশু থেকে বৃদ্ধ সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি আমাদের উদ্দেশ্য ও বাস্তবায়নকে সমৃদ্ধ করেছে। প্রথম আসরের ব্যয় ৫ লাখ টাকা থেকে শুরু হয়। সর্বশেষ আসরে এই ব্যয় ১২ লক্ষাধিক টাকা ছাড়িয়ে গেছে। প্রতি বছর আমরা ১৬টি দল নিয়ে এই আয়োজন করি। এই টুর্নামেন্টে টেপ টেনিসের নামী দামী সকল খেলোয়াড়ই অংশ নেন। সর্বশেষ আসরে দু ফাইনালিস্ট ছিলো সৌদি প্রবাসী একাদশ ও কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব। অর্থাৎ এই টুর্নামেন্টকে সফল করতে প্রবাসীরা দু হাত ভরে সহযোগিতা করেছেন। এবারের মাঠটিও সাজানো হয়েছে নানাভাবে, অনেকটা বড়ো বড়ো স্টেডিয়ামের আদলে। প্রতিষ্ঠিত কোম্পানী গোল্ডমার্কসহ এলাকার ও এই অঞ্চলের ব্যবসায়ীরা টুর্নামেন্টকে সফল করতে নানাভাবে সহযোগিতা করেছেন।
আরেকটি বড়ো উদাহরণ রয়েছে আমাদের খেলাকে ঘিরে। আমরা এই আয়োজনে কোনো ক্রমেই বিদ্যালয়ের লেখাপড়ার কোনো বিঘ্ন ঘটাতে দেই নি। আমাদের সকল খেলা আমরা বিদ্যালয় ছুটির পরই শুরু করেছি। উদ্বোধন ও ফাইনাল করেছি ছুটির দিনে। সর্বশেষ আসরে আমাদের প্রধান পৃষ্ঠপোষক ছিলো স্পিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আল আমিন। এর আগে টুর্নামেন্টের প্রথম আসরের পৃষ্ঠপোষক ছিলেন শেখ মো. মুরাদ। সর্বপ্রথম টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন সাইফুল ইসলাম সর্দার ও সদস্য সচিব আমিরুল ইসলাম মানিক শেখ। টুর্নামেন্টের পরবর্তী আসরের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন শেখ মো. মুরাদ। এর ধারাবাহিকতায় আহ্বায়ক হন জাহিদুর রহমান পাখি এবং ৬ষ্ঠ আসরের সফল আহ্বায়ক জুয়েল মজুমদার।
আমাদের অর্থ জোগানদাতারা দেশে ও বিদেশে কর্মরত। বিশেষত পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এই টুর্নামেন্টের সফল আয়োজনের পেছনে প্রধান অর্থদাতা। এছাড়া প্রবাসীদেরও বড়ো অবদান রয়েছে।
আপনারা জানেন, ঐতিহ্যবাহী পাইকপাড়া স্কুল মাঠটি ছিলো অগোছালো। আমরা এই মাঠটির ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে বন্ধুমহল উদ্যোগ নিয়ে এলাকাবাসীর সাথে আলোচনা করি। তাদের সমর্থনে ও পরবর্তীতে প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতার ফসল পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। এবছরও টুর্নামেন্ট লাইভ সম্প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।এই আয়োজনের পেছনে অনেকেরই অবদান রয়েছে। সকলের কথা এই মুহূর্তে মনে নেই। তবে যাদের কথা মনে আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ৬ষ্ঠ আসরের আয়োজক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, কাউছার হোসেন সাগর, নজরুল ইসলাম মিজি, শরীফ সর্দার, আবুল কাশেম রিয়াদ, সাইফুল ইসলাম রুবেল, ব্যারিস্টার ফজলে বিন মহসীন, নজরুল ইসলাম সর্দার, আবুল কাশেম শাওন, আরমান হোসেন ছোটন, জুয়েল আফরান, ফাহাদ পাটওয়ারী, রাজা মিয়া সর্দার, নিজাম উদ্দিন বাপ্পি প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জের পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের সিজন ৬-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়। পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সৌদি প্রবাসী একাদশকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব।
খেলাশেষে ফরিদগঞ্জে পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ সিজন ৬- এর আয়োজক কমিটির আহ্বায়ক জুয়েল মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ষ্ঠ আসরের প্রধান পৃষ্ঠপোষক স্পিডি গ্রুপের সিইও ও চেয়ারম্যান লায়ন মো. আল আমিন।







