সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৬

পুঁথিগত বিদ্যার সাথে সহ-শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ

...... অধ্যাপক ড. মাসুম ইকবাল

প্রবীর চক্রবর্তী।।
পুঁথিগত বিদ্যার সাথে সহ-শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ

ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী স্কাউট ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোভিসি অধ্যাপক ড. মাসুম ইকবাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে। তাদের জীবনচরিত জানতে হবে। আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, পড়ালেখা শেষে শুধু আমাদের সার্টিফিকেট অর্জন হবে। কিন্তু বর্তমান চাকুরির বাজারে শুধু সার্টিফিকেট দেখে না, প্রার্থীর অন্য বিশেষ প্রতিভার বিষয়ে খোঁজ নেয়া হয়, যা তাদের কর্মজীবনে কাজে দেয়। আমার অনেক গুণীব্যক্তির সাথে কথা বলা ও মেশার সুযোগ হয়েছে। তাঁদের কাছ থেকে মূলত এসব বিষয়ই জেনেছি। তাই আমাদের বিদ্যালয়ের অনুজ তোমাদের প্রতি অগ্রজ হিসেবে আবেদন, তোমরা পুঁথিগত বিদ্যার সাথে অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে বেশি অংশগ্রহণ করো। কারণ, এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এতে তোমরা এবং দেশ উভয় উপকৃত হবে। ক্রীড়া ও সংস্কৃতি আমাদের দৃঢ়তা বাড়ায়, স্কাউটিং আমাদেরকে সেবাপরায়ণতা ও মানবিক মানুষ হতে শেখায়।

সভাপতির বক্তব্যে সেটৃু কুমার বড়ুয়া বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক দৃঢ়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের প্রতিটি বিদ্যালয়ে এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে সুযোগ পায় সেজন্যে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোন নামে ডিজিটাল মাদকে আক্রান্ত। আমাদের অভিভাবক তাদের সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে, আবার নিজেরাও সারাক্ষণ তা নিয়ে ব্যস্ত থাকে। ফলে সন্তান এটি নিয়ে কী করছে তা দেখে না। মোবাইলের সঠিক ব্যবহার করলে লেখাপড়ায় অনেক এগিয়ে যাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট শিল্পপতি বশির উল্লাহ ভূঁইয়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মমিন হোসেন । আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়