সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮

সন্তোষ দাস মনার ভালোবাসা দিবসের কবিতা

অনলাইন ডেস্ক
সন্তোষ দাস মনার ভালোবাসা দিবসের কবিতা

সাঁঝের সন্ধ্যা তারায়

এই সব বসন্ত এলে আমি তোমার কাছে নত হই

আমার অভিমানের পাল্লা নেমে যায় শূন্যের কোটায়

মাতাল হাওয়ায় খুলে যায়

মনের দখিনা দরজা

আমার ভেতর কোনো জড়তা কাজ করে না, নিমিষে ভুলে যাই তুমি অন্য বাড়ির সুলক্ষণা--

এমন ফাগুন দিনে

ঝরাপাতারা আমায় দেখে করে না আর বিদ্রূপ,

তারা জানে, আমার সকল না পাওয়া

মেঘ ভালোবাসি বলে

আমার বারো মাস খরার টান লেগেই থাকে, পথকলিরাও

ঋতুবতী হয়, এই সব বসন্ত এলে

আমার অভিমান, পৌষপার্বণেও খুলে না মনের দুয়ার

সাঁঝের আলো ছাপিয়ে তারাভরা রাত; দূর বাতাসে মালতী, হাসনাহেনা বকুলের সুঘ্রাণ...

আমি বিপুলা পৃথিবীর প্রেমে পড়ে যাই

একদিন চলে যাবো শত আলোকবর্ষ দূরে... সে-দিনও

বইবে এমন দখিনা বাতাস...., শুধু রয়ে যাবে আমার প্রেম, সাঁঝের সন্ধ্যা তারায়...

০৮.০২.২০২৬

তাহার সাথে, কাহারো যায় না

পথ চলতে চলতে

কতো মেয়ে ভালো লাগে, ঐ ভালো লাগা পর্যন্তই শেষ;

ভালোবাসা আর হয় না, ভালোবাসা শুধু তোমার সাথে, তোমার সাথেই যত আহ্লাদ আমার, মনের সমস্ত মঞ্জুরী তোমাকে দেখলেই ফুটে উঠে

বলা কথা না বলা রয়ে যায়, বলতে পারি না,

অনুভূতিগুলো সব বিড়বিড়িয়ে উঠে, তোমাকেই ভালোবাসি

এ যেন নিঃশ্বাসের জপ

ভালোবাসা হলো

বয়ে চলা স্রোতের মতন

ভালোবাসা হলো রিমঝিম বর্ষার গান, অলক্ষ্যে কষ্টের রোদন.....

কারো জন্যে থেমে থাকে না কালের চাকা, থেকে যায় মুগ্ধ অতীত মায়ার স্মৃতি....

অসংখ্য তারার মতো

মেয়ে দেখেছি

ঈশ্বরের দান, এই দুর্লভ মানব জনমে

রূপসী, নন্দিনী, অনিন্দিতা, বনলতা...

অনেক দেখেছি আমি,

ভালো লাগে

এ পর্যন্তই শেষ,

ভালবাসা আর হয় না

ভালোবাসা হয় শুধু তোমার সাথে, ভালোবাসা হয়, প্রাপ্তি র সাথে অপ্রাপ্তির

শুনেছি, তোমার সাতকাহন সুখের উঠোন

আমার আছে নিজস্ব গুমোট সন্ধ্যা, তবু

তোমাতে-ই আমি বিলীন...

অসীম আকাশ, পবনে ঘুরছে

অপূর্ণ ক্ষুধা.....

সে আমার প্রেম, সে আমার না বলা কথা

ঐ কাজল নয়ন বিনে, রাখিনি চোখ কাহারো চোখেরি কোণে

বাঁধিনি ঘর আমি,

কাহারো সোনার মনপিঞ্জিরায়....

তোমাতেই যত আহ্লাদ, আমার

তোমাকেই ভালো লাগে.....

একদিন নিঃশেষ হবে তব মোর প্রাণের খেলা, সেদিন হয়তবা আমি-ই হবো তোমার ঐ কাজল আঁখি তলে, ঝুম বরষার শ্রাবণ...

কতো মেয়ে দেখলাম, রূপসী নন্দিনী অনিন্দিতা -

একমাত্র তুমি, অপলক মুখশ্রী

আমার, মেঘমালা

সত্যি কাহারো সাথে মেলানো যায় না।। ২১.০১.২০২৬।

দুদণ্ড বসন্তের কাছাকাছি থাকা যায়

কেন বোঝো না তোমাকে দেখলে একটু ভালো থাকতে পারি, তোমার দেখা পেলে গ্রীষ্মকে পেছনে ফেলে টপকে যেতে পারি দুর্গম গিরিপথ, অনেকটা দ্রোহ চলে যায় আমার

কেন বোঝো না তুমি!

তোমার দেখা পেলে, সাজিয়ে নিতে পারি আমার অনুরাগের বিকেল

দোলনচাঁপা স্নিগ্ধ হয় মেঘের তলে, যদি একটু তোমার দেখা মেলে

কেন বোঝো না, তোমাকে দেখলে

আমার নিবেদনের ডালি শূন্য থেকে পরিপূর্ণ হয়,

অযুত -নিযুত স্বপ্নগুলো বেঁচে থাকে বৃক্ষের শিকড়ে

কেন বোঝো না!

তোমাকে দেখলে একটু ভালো থাকতে পারি, নিভে যায় যতো ঘুটঘুটে অন্ধকার!

চাঁদের ঢেউ লাগে! খবর পাই মনে, বাহারি স্বপ্নগুলো বুব্দুদ করে নিলয় জোছনায়! একটু যদি তোমার দেখা পাই

কেন বোঝো না! তোমার দেখা পেলে দুদণ্ড বসন্তের কাছাকাছি থাকা যায়

একটু ভালো থাকতে পারি

অনেকটা দ্রোহ চলে যায় আমার....

২৪.০৬.২০২২।

তোমায় দেখেছিলাম

কতোটুকুই বা পারি আমি, কতোটুকুই বা আছে আমার

একবুক আকাশ দিয়ে গেলাম তোমায়,

না হয় বা হলো

সাধ্যের কিছুটা বেশি।

তিলোত্তমা নগরী গড়ে দিতে পারতাম, যদি একবার আমার রজকিনী হতে !

চন্দ্রবদন নিয়ে

আকাশ প্রদীপ জ্বালিয়ে রেখো।

রোদমাখা ভোর হলে, আঙ্গিনায় ছিটিয়ে দিও শিশিরের লোবান

অযুত কোটি দূর হতে

মেঘে মেঘে আসবো আমি, কোনো এক নবীন বসন্তে !

একবুক আকাশ দিয়ে গেলাম তোমায়

না হয় বা হলো

সাধ্যের কিছুটা বেশি।

আমি পরী দেখিনি কোনোদিন, তোমায় দেখেছিলাম !!

০৮.১০.২০২১।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়