প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১
হৃদয়বতী

(পূর্ব প্রকাশিতের পর)
আঠারো.
বিয়ের পর লম্বা একটা সরকারি ছুটি পেলো ইরফান। স্ত্রী অনন্যা ও তিন মাস বয়সী কন্যা তৃণাকে নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শাহজাদপুরের মাজারে বেড়াতে এলো। অনন্যাকে বাইরে রেখে আছরের নামাজ শেষে মসজিদের বাইরে এসে অনন্যাকে নিয়ে যেই মাত্র বের হবে এমন সময় এক ব্যক্তিকে দেখে যেনো হোঁচট খেলো ইরফান।
অনন্যাও ওই ব্যক্তির মুখের দিকে তাকালো। লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। পরণে সাদা ধবধবে পায়জামা পাঞ্জাবি, মুখে লম্বা দাড়ি। চেহারায় ভেসে আসছে একটা নূরের আলো।
লোকটিও ইরফান, অনন্যাকে দেখে থমকে দাঁড়ালো। তারপর প্রশ্ন করলো, ‘আপনারা কোথা থেকে এসেছেন?’
ইরফান সম্বিত পেয়ে বললো, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। এর পূর্বে কি আপনাকে কোথাও দেখেছি?’
‘আমি এই মাজারের একজন খাদেম। গত দু বছর ধরে মাজারের মধ্যে বসবাস করছি।’
‘আপনার নাম, পরিচয়?’ প্রশ্ন করলো অনন্যা।
‘কেনো লজ্জা দিচ্ছেন? আমাকে চিনতে পারছেন না?’ ‘আমার নাম ইমতিয়াজ।’
ইরফান কোনো কথা বলতে পারছে না। এই লোকের এতো পরিবর্তন, চেনাই যায় না।
অনন্যা ভাবছে, তাহলে সত্যিই লোকটা সত্যের পথে চলছে, সত্যকে জানার চেষ্টা করছে।
ইমতিয়াজ ওদের ভাবনা দেখে ধীরে ধীরে চলে যাচ্ছিল পাশ কাটিয়ে। কিন্তু ইরফান প্রশ্ন করলো, ‘তাহলে মাফিয়া ডন জামশেদ কোথায়?’
‘তাকে তো আমি পৃথিবীতে দেখিনি। সে হয়তো কবরের মাজারে আছে। ইমতিয়াজ বেঁচে থাকলে তার তো কবরেই থাকা উচিত, তাই না?’
ইরফানের দিকে তাকিয়ে এ কথা বলে যেই অন্যদিকে চলে যেতে উদ্ধত হয় ইমতিয়াজ সে সময়ই তার সামনে তুষার ও রুবিনাকে দেখতে পায়।
সামনাসামনি ইমতিয়াজকে দেখে তুষার অবাক হয়, তারপর বলে, ‘ওহ, দারুণ পাল্টে গেছো ইমতিয়াজ। তোমার কথাগুলো শুনেছি। তোমাকে নিয়ে তো তাহলে পত্রিকার পাতায় ফিচার স্টোরি লিখতে হয়। দারুণ নাটকীয় জীবন।’
‘না। তুমি তা লিখবে না।’ অনন্যা বাধা দেয়। ‘লোকটা সত্যের পথে যাত্রা শুরু করেছে, তাকে বাধা দিও না। লোকেরা জেনে গেলে তাকে আবার পালাতে হবে।’
ইমতিয়াজ অনন্যার কথায় মিটি মিটি হাসলো। তারপর নিজের পথ ধরলো। পেছনে তাকিয়ে অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বললো, ‘মানুষ ভালো হতে চাইলে সবই সম্ভব। শুধু প্রয়োজন মনের দৃঢ় ইচ্ছা ও সত্যকে জানার তীব্র বাসনা। সে দুনিয়াকে ত্যাগ করেছে, দুনিয়ার মোহ ত্যাগ করেছে। তার দেহটা শুধু দুনিয়াতে আছে কিন্তু তার আত্মা বহু দূরে, যেখানে স্রষ্টার খোঁজ-তালাশে আছে।’ (চলবে)








