প্রকাশ : ০১ মে ২০২৬, ১৪:৩৯
মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যে কাজ করছেন
--শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুরে নানা আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং 'শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর'-এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য
|আরো খবর
র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন. জামিউল হিকমা ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মেহেদী হাসান।
সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু,
জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, পুরাণ বাজার উত্তরাঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।
কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমরা চাঁদপুরের এমপিগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাঁদপুরে একটি ইপিজেড করার দাবি জানিয়েছি।প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন। চাঁদপুরে একটি ইপিজেড হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যে কাজ করছেন। সকল শ্রেণীর শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক।








