প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩২
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-২৫
মানুষের হৃদয় জয় করতে পেরেছি বলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি
.................. মো. শাহ আলম শেখ

মো. শাহ আলম শেখ ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যিনি তৎকালীন ক্ষমতাসীন দলের প্রার্থী এবং প্রতীকের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেছেন। তাঁর বাবা ডা. এ.কে.এম ইস্কান্দার একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংগঠক। তিনি ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। তাঁরই সন্তান শাহ আলম শেখ। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পর্ক। বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন। মাঝখানে কয়েক বছর প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসেই নিজেকে সম্পৃক্ত করেন সামাজিক কাজে। বাবার ইমেজ, পারিবারিক ঐতিহ্য এবং নিজের কর্মদক্ষতার গুণে ইউনিয়নবাসীর মন জয় করে নেন। তাই তো প্রভাবশালী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী এবং প্রতীকের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
|আরো খবর
শাহ আলম ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন দুই সেশন। জামেয়া মোজাদ্দেদীয়া সাইফিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ধানুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্বও পালন করছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এবারও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আগামীতে তিনি কেমন ইউনিয়ন গড়বেন, সে প্রত্যয় ব্যক্ত করছেন দৈনিক চাঁদপুর কণ্ঠকে।
চাঁদপুর কণ্ঠ : স্থানীয় সরকার নির্বাচনে আপনি কোন্ পদে প্রার্থী হচ্ছেন?
শাহ আলম : আমি স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো।
চাঁদপুর কণ্ঠ : অতীতে কি কখনও নির্বাচনে অংশগ্রহণ করেছেন?
শাহ আলম : করেছি। ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করি এবং প্রতিকূল পরিবেশে চেয়ারম্যান নির্বাচিত হই।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন?
শাহ আলম : না, আমি কোনোভাবেই দলীয় সমর্থন প্রত্যাশা করি না। আমি মনে করি, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাবমুক্ত হওয়া উচিত।
চাঁদপুর কণ্ঠ : পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান, নাকি বিজয়ী হওয়ার জন্যে নির্বাচন করবেন?
শাহ আলম : আমি ইতোমধ্যে রানিং চেয়ারম্যান। চেয়ারম্যান হওয়ার আগেই আমি উপজেলার একজন পরিচিত মুখ। আর সে কারণেই হয়তো দলীয় প্রভাবের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হয়েছি। এবারও আমার ইউনিয়নের জনগণ আমাকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
শাহ আলম : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আমি আশাবাদী।
চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
শাহ আলম : আমি এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। ইনশাআল্লাহ, পুনরায় নির্বাচিত হলে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
চাঁদপুর কণ্ঠ : আপনার জীবনে জনকল্যাণমূলক কাজের কোনো উদাহরণ আছে? থাকলে দুই একটি বলতে পারেন?
শাহ আলম : গতানুগতিক উন্নয়নের পাশাপাশি আমি নিজ উদ্যোগে অনেক রাস্তা, ব্রিজ এবং কালভার্ট করেছি। সামাজিক মানুষ হিসেবে সামাজিক কাজ তো করতেই হবে।
ডিসিকে/ এমজেডএইচ








