সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩০

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি -২৩

শাসক নয় সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই

----------------হারুন অর রশীদ

সোহাঈদ খান জিয়া
শাসক নয় সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই
ক্যাপশন : সম্ভাব্য প্রার্থী হারুন অর রশীদ

স্বতন্ত্র প্রার্থী হয়ে পরপর দুবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করাসহ ইউনিয়নবাসীর মন জয় করে আছেন হারুন অর রশীদ। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়নবাসী চেয়ারম্যান হিসেবে পুনরায় দেখতে চান তাঁকে। হাসি মুখে ভালোবাসা দিয়ে ও সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। ইউনিয়নবাসীকে নিজের আপনজন মনে করে সুখ-দুঃখের সঙ্গী হয়ে আছেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রভাব থাকে, কিন্তু জনগণ যাকে পছন্দ করেন তাকেই নির্বাচিত করেন। আমি পূর্বে দুবার সকল দলের ভোটারের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। সে কারণে আমার প্রিয় বালিথুবা পূর্ব ইউনিয়নবাসীর সকল মতের উদ্দেশ্যে সেবা ও উন্নয়ন করে যাচ্ছি।

সম্প্রতি চাঁদপুর কণ্ঠের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, বিগত দিনে ইউনিয়নের শান্তি, উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখেছি। আগামী দিনে যদি আল্লাহ চেয়ারম্যান হিসেবে কবুল করেন তাহলে শতভাগ উন্নয়নে ভূমিকা রাখবো। সাক্ষাৎকারকালে কিছু মতামত এবং বক্তব্য তুলে ধরেছেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্যে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।

চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?

হারুন অর রশীদ : ইউনিয়নবাসীর অনুরোধে আমি ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে অতীতের ন্যায় এবারও প্রার্থী হতে চাই।

চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন?

হারুন অর রশীদ : আমি বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ২০১৬ সাল হতে দুবার টানা স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ২০১৬ সালে ১ বার এবং ২০২২ সালে ১ বার মোট ২ বার বহিষ্কার করা হয়। বর্তমানে মরহুম এমপি আলমগীর হায়দার খানের ছোট ভাই নয়ন ও এমপি সাংবাদিক শফিকুর রহমানের ছোট ভাই তাবাসসুমকে হারিয়ে দুবার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপুল ভোটে বিজয়ী হই। শক্তিশালী দুজন প্রার্থীকে হারিয়ে শত প্রতিকূলতার মাঝে ইউনিয়নের উন্নয়ন করে যাচ্ছি।

চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?

হারুন অর রশীদ : স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রভাব থাকে। কিন্তু জনগণ যাকে পছন্দ করেন তাকেই নির্বাচত করেন। আমি পূর্বে দুবার সকল দলের ভোটারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সে কারণে আমার প্রিয় পূর্ব বালিথুবা ইউনিয়নবাসী সকল মতের মানুষের সেবা ও উন্নয়ন করে যাচ্ছি।

চাঁদপুর কণ্ঠ : এবারের নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে না বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?

হারুন অর রশীদ : আমার জনপ্রিয়তা আছে বলেই আমি জনগণের ভোটে দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ইউনিয়নবাসী সকলে দল মত নির্বিশেষে আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে ইউনিয়নবাসী দল মত নির্বিশেষে এলাকার শান্তি ও উন্নয়নের লক্ষ্যে আমাকে ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?

হারুন অর রশীদ : মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা হচ্ছে মূল পরিকল্পনা। আল্লাহর ওপর ভরসা করে প্রিয় ইউনিয়নবাসীর ওপর বিশ্বাস ও আস্থা রেখে নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে যাবো। চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপ্রাণ চেষ্টা করে যতোটুকু সম্ভব হয়েছে সমাজসেবামূলক কাজ করাসহ ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি, যা ইউনিয়নবাসী অবগত আছেন। প্রতিদিনই ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, নির্বাচনকেন্দ্রিক প্রার্থী হওয়া নিয়ে আলোচনা ও গণসংযোগ করে আসছি। ইউনিয়নবাসী আমাকে প্রার্থী হওয়ার জন্যে আবারো উদ্বুদ্ধ করে আসছেন।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?

হারুন অর রশীদ : স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে হবে বলে আমি আশাবাদী। কিন্তু সামনে নির্বাচনকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতকারী মামলা হামলা দিয়ে হয়রানি করাসহ আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?

হারুন অর রশীদ : প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ করা ঠিক নয়। বিগত দিনে ইউনিয়নের শান্তি, উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখে এসেছি। আগামী দিনে যদি আল্লাহ কবুল করেন তাহলে শতভাগ উন্নয়নের ভূমিকা রাখবো। আমি আবারো চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অসম্পূর্ণ কাজগুলো করবো।

চাঁদপুর কণ্ঠ : উপরোল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা বলতে পারেন।

হারুন অর রশীদ : আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমার বিরুদ্ধে অনেক মামলা ও হামলা হয়েছে। ২০২২ সালে আমাকে মেরে ফেলার জন্যে আমার ওপর অর্তকিত হামলা চালায় দুর্বৃত্তরা। ঐ সময় দীর্ঘ চিকিৎসা শেষে আল্লাহর অশেষ রহমতে জনগণের দোয়ায় সুস্থ হয়ে বেঁচে যাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সবসময় প্রতিকূলতার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। সে ক্ষেত্রে আমাকে প্রিয় ইউনিয়নবাসী সর্বাত্মক সহযোগিতা করে আসছে। আগামী দিনেও শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষক, মা-বোন, মুরুব্বিরা তাদের প্রত্যাশিত উন্নয়ন ও শান্তির জন্যে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি শতভাগ আশাবাদী। বিগত দিনে আমি শাসক হয়ে নয়, সেবক হয়ে কাজ করেছি। এমনকি আগামী দিনেও করতে চাই। সেবার মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য।

চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।

হারুন অর রশীদ : আমার পরিচয় হচ্ছে, আমি ইউনিয়নবাসীর কারো সন্তান, কারো ভাই ও কারো বন্ধু। ইউনিয়নবাসীর রক্তের সাথে আমি মিশে আছি। এমনকি আগামী দিনেও থাকতে চাই। আমার প্রিয় ইউনিয়নবাসী আমাকে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এটাই হচ্ছে আমার বড়ো পরিচয়।

ডিসিকে এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়