প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:৪১
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-২০
ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন করে ইউনিয়নের বেকারত্ব দূর করবো
...................শাহাবুদ্দিন পাটওয়ারী

শাহাবুদ্দিন পাটওয়ারী।উপজেলাজুড়ে যিনি শাহাবুদ্দিন মাস্টার নামে অধিক পরিচিত। একজন ভদ্র, মার্জিত এবং সজ্জন মানুষ হিসেবে তিনি ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতি করছেন। তবে তাঁর রাজনীতি ছিলো পরিচ্ছন্ন। তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিএনপিকে মনেপ্রাণে ভালোবাসেন। দলের একজন আনুগত্যশীল কর্মীও তিনি। বিগতদিনে নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনটি হয়নি। শাহাবুদ্দিন পাটওয়ারী একটা সময় শিক্ষকতা পেশায় ছিলেন। পরে সে পেশা ত্যাগ করে ব্যবসা আর রাজনীতিতে মনোনিবেশ করেন। ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নকে নিয়ে তাঁর ভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে নতুনভাবে ইউনিয়নকে সাজানার পরিকল্পনা তাঁর। চাঁদপুর কণ্ঠের সাথে তাঁর একান্ত সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো।
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে কোন্ পদে প্রার্থী হচ্ছেন?
শাহাবুদ্দিন পাটওয়ারী : আমি চেয়ারম্যান প্রার্থী।
চাঁদপুর কণ্ঠ : অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছেন?
শাহাবুদ্দিন পাটওয়ারী : পূর্বে একবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করি। কিন্তু শেষ পর্যন্ত আর এ নির্বাচনই হয়নি। ভোটের আগের দিন হাইকোর্টের নির্দেশে ভোট বন্ধ করে দেয়া হয়। সকল কর্মকর্তা-কর্মচারী ব্যালট পেপার নিয়ে উপজেলা সদরে চলে যান।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন?
শাহাবুদ্দিন পাটওয়ারী : আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। বিএনপিকে মনেপ্রাণে ভালোবাসি। আমি দলের একজন আনুগত্যশীল কর্মী। আমার দ্বারা কখনও দলের সুনাম ক্ষুণ্ন হয়নি। সঙ্গত কারণেই দলীয় সমর্থন প্রত্যাশা করি। আর যদি দলীয় প্রতীকে নির্বাচন না হয়ে সবার জন্যে উন্মুক্ত করে দেয়, তাহলেও আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান, নাকি বিজয়ী হওয়ার জন্যে নির্বাচন করবেন?
শাহাবুদ্দিন পাটওয়ারী : আমি সর্বোচ্চ জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী ছিলাম, যেটি সমগ্র ফরিদগঞ্জের লোক অবগত আছে। যেহেতু রাজনীতি করি, পাশাপাশি একজন পুরনো ব্যবসায়ী হিসেবে আমার বেশ পরিচিতি রয়েছে, পরিচিতির জন্যে নির্বাচনের প্রয়োজন নেই। মানুষের জন্যে কাজ করতে চাই। এবার আশা করি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
শাহাবুদ্দিন পাটওয়ারী : নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে বলে আমি বিশ্বাস করি। এ ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করবে না--এটা আমার প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচন সাধারণ জনগণ চায়।
চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
শাহাবুদ্দিন পাটওয়ারী : ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের অনেক বেকার যুবক ও নারী রয়েছে। বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ডাকাতিয়া নদীর আমাদের ইউনিয়নের বিশাল অংশ পরিত্যক্ত অবস্থায় আছে, এ অংশে চাষাবাদ করে বেকারত্ব দূর করা যাবে। এছাড়া ক্ষুদ্র কুটির শিল্প স্থাপন করলে ইউনিয়নবাসী উপকৃত হবে। মেধাবীদের সাথে পরামর্শ করে ইউনিয়নের সমস্যা নিরসনে কাজ করবো।
চাঁদপুর কণ্ঠ : আপনার জীবনে জনকল্যাণমূলক কাজের কোনো উদাহারণ আছে? থাকলে দু-একটি বলতে পারেন?
শাহাবুদ্দিন পাটওয়ারী : আমার ইউনিয়নে হাজী ফজলুল হক কল্যাণ ট্রাস্টে আমি দীর্ঘদিন পরিচালক হিসেবে আছি। আমাদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম স্পেন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনিই হাজী ফজলুল হক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান। ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন সময় শিক্ষা উপকরণ, নগদ অর্থ, কৃষি উপকরণ, বাসস্থান নির্মাণের উপকরণ, ঈদ উপহার, শিক্ষা বৃত্তিসহ বহু খাতে সহযোগিতা করার রেকর্ড রয়েছে। এই কাজ আমরা ২৫ বছর ধরে করে আসছি।
ডিসিকে/ এমজেডএইচ








