প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪
হাইমচরে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়ার নির্বাচনী গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে। আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি, যদি কেউ জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করে, তবে জামায়াতে ইসলামী জীবনবাজি রেখে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “হাইমচর একটি চরাঞ্চল ও নদীভাঙ্গনপ্রবণ এলাকা। এখানকার মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি হাইমচরের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং হাইমচর সরকারি ডিগ্রি কলেজকে অনার্স কলেজে রূপান্তর করা হবে, ইনশাআল্লাহ। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্ণীতিমুক্ত আধুনিক হামইচর গড়ে তোলা হবে।"
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জামায়াত নেতা আব্দুস শুক্কুর মোস্তান, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, সহ-সেক্রেটারি মাওলানা আবু জাফর সাদিক, বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলার সহ-সভাপতি মাও. মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী প্রভাষক আবুল কালাম আজাদ, অতিরিক্ত পিপি (নারী ও শিশু) অ্যাডভোকেট আব্দুল কাদের খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মো. নোয়াইম প্রমুখ।
গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








