প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩
জেলার আর্সেনিক সংক্রান্ত এ তথ্য উদ্বেগজনক

চঁাদপুর জেলার আর্সেনিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের দেওয়া সাম্প্রতিক তথ্য নিঃসন্দেহে উদ্বেগজনক। আন্তর্জাতিক কর্মশালায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, ২০১৩ সালে জেলায় আর্সেনিক-এক্সপোজড জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৫২ হাজার। মাত্র ছয় বছরের ব্যবধানে ২০১৯ সালে তা বেড়ে দঁাড়ায় প্রায় ১১ লাখে। অর্থাৎ আর্সেনিক ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা কী ভয়াবহভাবে বেড়েছে, তা এ পরিসংখ্যানেই স্পষ্ট। তবে প্রশ্ন হচ্ছে, এত বছর ধরে নানা উদ্যোগ, গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের পরও কেন চঁাদপুরের আর্সেনিক পরিস্থিতির এমন অবনতি ঘটলো? আর ২০১৯ সালের পর পরিস্থিতি কোথায় গিয়ে দঁাড়িয়েছে, তার হালনাগাদ তথ্যই বা আমাদের হাতে কতটুকু রয়েছে?
চঁাদপুরের আর্সেনিক সমস্যা নতুন কোনো বিষয় নয়। নব্বইয়ের দশকের শেষ দিকে জনস্বাস্থ্য প্রকৌশলী, বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন চঁাদপুর জেলার আর্সেনিক প্রবণতা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা শুরু করেন। তঁার গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে সারাদেশের মধ্যে চঁাদপুরের ভয়াবহ আর্সেনিক পরিস্থিতি নিয়ে চঁাদপুর কণ্ঠে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। একুশে টেলিভিশনে সরেজমিন প্রতিবেদন প্রচারিত হয়। বিভিন্ন জাতীয় দৈনিকেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে। এমনকি জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে একটি গবেষক দল চঁাদপুরের আর্সেনিক পরিস্থিতি সরেজমিনে দেখতে গ্রামে গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করে। অর্থাৎ প্রায় তিন দশক আগেই চঁাদপুরের জন্য আর্সেনিক বিপর্যয়ের অশনিসংকেত উচ্চারিত হয়েছিল।
পরবর্তী সময়ে আর্সেনিকের ব্যাপকতা নির্ণয় ও নিরাপদ পানির উৎস খুঁজতে ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থা নানা কার্যক্রম গ্রহণ করে। অগভীর নলকূপের পানি পরীক্ষা, পুকুরের পানি থেকে আর্সেনিকমুক্ত খাবার পানি সংগ্রহের জন্য পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণে রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্পের পাইলটিং করা হয়। চঁাদপুর পৌরসভায় নদীর পানি পরিশোধনের জন্য তিনটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনও আর্সেনিক ঝুঁকি মোকাবিলার প্রয়োজনীয়তা থেকেই। এসব উদ্যোগের পেছনে লক্ষ্য ছিল একটাইÑমানুষকে নিরাপদ পানির নিশ্চয়তা দেওয়া।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে, অগভীর নলকূপের বিকল্প হিসেবে গভীর নলকূপ স্থাপনের ওপর অতিমাত্রায় নির্ভর করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এ ধরনের প্রকল্প স্বল্পমেয়াদে সুবিধাজনক মনে হলেও দীর্ঘমেয়াদে তা কতোটা টেকসই, সে প্রশ্ন থেকেই যায়। কারণ গভীর নলকূপের পানিতেও সময়ের ব্যবধানে আর্সেনিক শনাক্ত হওয়ার ঘটনা ঘটছে। হাজার হাজার গভীর নলকূপ স্থাপনে কোটি কোটি টাকা ব্যয় করেও যদি মানুষের আর্সেনিক ঝুঁকি কমানো না যায়, তাহলে প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকির কার্যকারিতা নিয়ে পর্যালোচনা হওয়া জরুরি। শুধু নলকূপের গভীরতা বাড়ালেই যে নিরাপদ পানি নিশ্চিত হয় না, চঁাদপুরের অভিজ্ঞতা তারই প্রমাণ।
জেলা প্রশাসক আন্তর্জাতিক কর্মশালায় যে পরিসংখ্যান তুলে ধরেছেন, সেটিও ২০১৯ সাল পর্যন্ত তথ্যের ওপর ভিত্তি করে। বর্তমান সময়ের বাস্তব চিত্র জানতে হলে অবশ্যই হালনাগাদ ও পূর্ণাঙ্গ জরিপ প্রয়োজন। গত কয়েক বছরে আর্সেনিক-এক্সপোজড জনগোষ্ঠীর সংখ্যা আরও বেড়েছে কি না, কোন্ উপজেলায় ঝুঁকি বেশি, কোন্ ইউনিয়ন ও গ্রামে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ এবং বর্তমানে কতো মানুষ অনিরাপদ পানি পান করছেনÑএসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর থাকা দরকার। ২০১৯ সালের পর পরিস্থিতির কোনো উন্নতি না হয়ে থাকলে হালনাগাদ পরিসংখ্যান আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
এ অবস্থায় চঁাদপুরের জন্য গতানুগতিক প্রকল্প নয়, প্রয়োজন বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা। প্রথমেই জেলার প্রতিটি নলকূপের পানি পরীক্ষা করে নিরাপদ ও অনিরাপদ উৎস চিহ্নিত করতে হবে। পরীক্ষার ফলাফল প্রকাশ্য করতে হবে এবং ঝুঁকিপূর্ণ নলকূপে দৃশ্যমান সতর্কবার্তা দিতে হবে। পাশাপাশি গভীর নলকূপের পানিও নিয়মিত পরীক্ষার আওতায় আনতে হবে। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নদীর পানি পরিশোধন, পিএসএফ, বৃষ্টির পানি সংরক্ষণসহ স্থানীয় পরিবেশ ও ভূপ্রকৃতির উপযোগী বিকল্প পানির উৎস সম্প্রসারণ করতে হবে। এসব ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও পানির গুণগত মান নিশ্চিত করার দায়িত্বও সুনির্দিষ্ট করতে হবে।
এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে সহায়ক হতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, আর্সেনিকের বিস্তারের প্রবণতা বিশ্লেষণ এবং নিরাপদ পানির উৎস নির্ধারণে গবেষণা ও প্রযুক্তির সমন্বয় ঘটানো প্রয়োজন। তবে প্রযুক্তি যেন আরেকটি ব্যয়বহুল প্রদর্শনীমূলক প্রকল্পে পরিণত না হয়। এর সুফল যেন সরাসরি গ্রামের সাধারণ মানুষের পানির পাত্র পর্যন্ত পেঁৗছায়, সেটিই হতে হবে মূল বিবেচ্য।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর্সেনিক কেবল পানির সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, মানবিক নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত একটি গুরুতর সংকট। দীর্ঘদিন ধরে চঁাদপুরের মানুষ এ ঝুঁকি বহন করে আসছেন। অথচ প্রায় তিন দশক আগে যে সমস্যার ভয়াবহতা চিহ্নিত হয়েছিল, তার স্থায়ী সমাধান আজও নিশ্চিত হয়নি। অতএব, জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, গবেষক ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে অবিলম্বে একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আর্সেনিক পরিস্থিতির হালনাগাদ জরিপ করে তা জনসমক্ষে প্রকাশ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিরাপদ পানির নিশ্চয়তা দেওয়ার উদ্যোগ নিতে হবে।
চঁাদপুরের আর্সেনিক সংকট নিয়ে আর নতুন কোনো সতর্কবার্তার অপেক্ষায় থাকার সুযোগ নেই। প্রয়োজন এখন কার্যকর উদ্যোগ, সঠিক পরিকল্পনা ও জবাবদিহি। কারণ নিরাপদ পানি কোনো অনুগ্রহ নয়, এটি মানুষের মৌলিক অধিকার। চঁাদপুরের প্রতিটি মানুষের জন্য সেই অধিকার নিশ্চিত করাই হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রাধিকার।







