বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২২:৪১

চাঁদপুর শহরে সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে ট্রাফিক ইন্সপেক্টর প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

গোলাম মোস্তফা।।
চাঁদপুর শহরে সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে ট্রাফিক ইন্সপেক্টর প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

চাঁদপুর শহরের সড়কগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দায়িত্ব পালনে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ মামলার জরিমানা আদায়ে বিশেষ অবদান রাখায় অক্টোবর মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন চাঁদপুর ট্রাফিক পুলিশের তিন সদস্য। তাঁরা হলেন ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) প্রবীর কুমার দাস, এটিএসআই মোজাম্মেল হোসেন ও সার্জেন্ট ইমরানুল কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ টিআই (অ্যাডমিন) প্রবীর কুমার দাস ও এটিএসআই মোজাম্মেল হোসেনকে এ পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত মামলায় সর্বোচ্চ জরিমানা আদায়ের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সার্জেন্ট ইমরানুল কবিরকে

পুরস্কৃত করা হয়েছে।

চাঁদপুর শহরের যানজট নিরসন, সড়কে যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। বিশেষ করে ব্যস্ততম সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও যানজটপ্রবণ এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, নিয়মবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চালক ও পথচারীদের সচেতন করার ক্ষেত্রে ট্রাফিক পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় টিআই (অ্যাডমিন) প্রবীর কুমার দাস বলেন, এই স্বীকৃতি আমার একার অর্জন নয়; এটি চাঁদপুর ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, পাশাপাশি চালক, পথচারী ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি হলে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবহন শ্রমিক, চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়