প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৩৯
ফরিদগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ মনোহর শর্মা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ওসি (তদন্ত) আল আমিন আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী এবং খামারি সৈয়দ আহমেদ দোলন ও রিয়াজুল আহমেদ।
সভায় জানানো হয়, চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলা ইতোমধ্যেই মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দুধ উৎপাদনে কিছুটা পিছিয়ে থাকলেও দ্রুতই এ খাতেও সাফল্য আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, প্রাণিসম্পদ কার্যালয়ে বর্তমানে লোকবল সংকট রয়েছে। শূন্যপদ পূরণ করে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া গেলে দুগ্ধ খামারের পাশাপাশি মাংস ও ডিম উৎপাদনেও উপজেলাটি আরও এগিয়ে যাবে।








