বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৬

একজন জাহাঙ্গীর আখন্দ সেলিম, একটি সমৃদ্ধ কর্মময় ইতিহাস

অনলাইন ডেস্ক
একজন জাহাঙ্গীর আখন্দ সেলিম, একটি সমৃদ্ধ কর্মময় ইতিহাস

কিছু মানুষের জীবন কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; তাঁদের কর্ম, নেতৃত্ব, প্রজ্ঞা ও জনকল্যাণমূলক অবদান একটি জনপদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম ছিলেন তেমনই একজন মানুষ। চাঁদপুরের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও সমাজসেবার অঙ্গনে যাঁর অবদান তাঁকে সাধারণ একজন ব্যবসায়ীর পরিচয়ের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অশীতিপর বয়সে তাঁর ইন্তেকালে চাঁদপুর হারাল একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতা, দূরদর্শী সংগঠক, সমাজহিতৈষী এবং সর্বজনশ্রদ্ধেয় অভিভাবককে। তাঁর প্রস্থান শুধু একটি জীবনের অবসান নয়, চাঁদপুরের বাণিজ্যিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র চাঁদপুরের পুরানবাজারের ব্যবসায়ী সমাজকে সংগঠিত ও সুসংহত করার ক্ষেত্রে জাহাঙ্গীর আখন্দ সেলিমের অবদান ছিল অসামান্য। তিনি উপলব্ধি করেছিলেন, একটি জনপদের অর্থনৈতিক অগ্রগতির জন্য শুধু ব্যক্তিগত ব্যবসায়িক সাফল্য যথেষ্ট নয়; প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, সুসংগঠিত নেতৃত্ব এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর প্রতিনিধিত্ব। সেই উপলব্ধি থেকেই তাঁর উদ্যোগ ও নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। দীর্ঘদিন নিষ্ঠা, দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে তিনি এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। স্থানীয় ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়েও চাঁদপুরের ব্যবসায়ীদের কণ্ঠস্বর তুলে ধরেছেন। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন তাঁর নেতৃত্বের ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতারই স্বীকৃতি।

ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং চাঁদপুরের ঐতিহ্যবাহী নদীবন্দরকেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত সচেতন ও সোচ্চার। মেঘনা ও ডাকাতিয়া নদীর ভাঙন থেকে পুরানবাজারসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা রক্ষার দাবিতেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি জানতেন, নদী ও বন্দরকে ঘিরেই চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের ঐতিহ্য ও সম্ভাবনা বিকশিত হয়েছে। তাই এই জনপদের অর্থনৈতিক ভিত্তি সুরক্ষায় তাঁর উদ্বেগ ও প্রচেষ্টা ছিলো আন্তরিক। একইভাবে পবিত্র রমজানসহ বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি পরিহার এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি তাঁর আহ্বান ছিলো তাঁর মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের পরিচায়ক।

তবে জাহাঙ্গীর আখন্দ সেলিমের কর্মপরিধি ব্যবসা-বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিলো না। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও ছিলো তাঁর নিবিড় সম্পৃক্ততা। পুরানবাজার ডিগ্রি কলেজ, পুরানবাজার মার্চেন্টস্ একাডেমি, উদয়ন শিশু বিদ্যালয়, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ মাদ্রাসা, বেগম মসজিদ ও মাদ্রাসাসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং চাঁদপুর ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালের মতো জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি চাঁদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবেও শহরবাসীর কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি বিশ্বাস করতেন, একটি সমাজের প্রকৃত উন্নয়ন কেবল অর্থনৈতিক সমৃদ্ধিতে সীমাবদ্ধ থাকতে পারে না; এর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতারও গভীর সম্পর্ক রয়েছে। তাঁর কর্ম ও সম্পৃক্ততায় সেই বিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে।

তাঁর ব্যক্তিত্বের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল সর্বজনীন গ্রহণযোগ্যতা। দল-মত, শ্রেণি-পেশার বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামাজিক সংগঠক কিংবা সাধারণ মানুষ—সবার কাছেই তিনি ছিলেন শ্রদ্ধা ও আস্থার একজন মানুষ। অভিজ্ঞতা, প্রজ্ঞা ও আন্তরিকতার সমন্বয়ে তিনি যে অবস্থান তৈরি করেছিলেন, তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ কর্মজীবন, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং জনপদের প্রতি দায়বদ্ধতাই তাঁকে এই মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটে, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কর্ম ও অবদান কখনো শেষ হয়ে যায় না। আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী সমাজ যেমন একজন অভিজ্ঞ অভিভাবককে হারালো, তেমনি সমাজ হারালো একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও জনহিতৈষী ব্যক্তিত্বকে। তাঁর মতো নেতৃত্বের অভাব সহজে পূরণ হওয়ার নয়। তবে তাঁর রেখে যাওয়া সাংগঠনিক ভিত্তি, আদর্শ, কর্মদৃষ্টিভঙ্গি ও জনকল্যাণের চেতনা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

আজ তাঁর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তাঁর কর্মময় জীবন থেকে শিক্ষা নেওয়াও জরুরি। চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের অগ্রযাত্রা, ঐতিহ্যবাহী পুরানবাজারের সমৃদ্ধি এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর বিকাশ অব্যাহত রাখতে তাঁর মতো দূরদর্শী নেতৃত্বের আদর্শ ধারণ করতে হবে। তাঁর অসমাপ্ত স্বপ্ন ও জনপদের প্রতি দায়বদ্ধতার জায়গাগুলো এগিয়ে নেওয়াই হবে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদনের অন্যতম উপায়।

আমরা বিশ্বাস করি, আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম তাঁর পদ-পদবি কিংবা পরিচয়ের কারণে নয়, বরং মানুষের জন্য রেখে যাওয়া কর্ম, অবদান ও ভালোবাসার মধ্য দিয়েই চাঁদপুরবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন। আমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়