শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:৩৯

খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস ও ছাদে সৌরবিদ্যুতে সাফল্য

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিলেও ৭ মাসেও টাকা পাননি শাহরাস্তির গিয়াসউদ্দিন

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিলেও ৭ মাসেও টাকা পাননি শাহরাস্তির গিয়াসউদ্দিন
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলার মালরা গ্রামের সফল উদ্যোক্তা গিয়াসউদ্দিন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০১৯ সালে দেশে ফিরে প্রায় কোটি টাকা ব্যয়ে নিজ এলাকায় গড়ে তোলেন ‘আ. রহমান এগ্রো ফার্ম’। খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করে আশপাশের পরিবারে গ্যাস সরবরাহের পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করছেন তিনি। তবে গত সাত মাস ধরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করলেও এখনো কোনো অর্থ পাননি এই উদ্যোক্তা।

গিয়াসউদ্দিনের এগ্রো ফার্মে বর্তমানে গরুর খামার, মুরগির খামার ও মৎস্য খামার রয়েছে। বিদেশের মাটিতে শ্রম ও ঘাম না ঝরিয়ে দেশের মাটিতে কিছু করার স্বপ্ন থেকেই প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে খামার গড়ে তোলেন তিনি। বর্তমানে তাঁর খামারে ৩১টি গরু ও ২ হাজার ৭০০ মুরগি রয়েছে। এসব থেকে প্রতিদিন গড়ে ১৩০ লিটার দুধ এবং ১ হাজার ৮০০ ডিম পাওয়া যায়।

২০২২ সালে খামারের বর্জ্য কাজে লাগিয়ে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন গিয়াসউদ্দিন। বর্তমানে ওই প্লান্ট থেকে আশপাশের ১৬টি পরিবারে গ্যাস সংযোগ দিয়ে সরবরাহ অব্যাহত রেখেছেন। ব্যবসার পরিধি আরও বাড়াতে প্রায় এক বছর আগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে আলোচনা করে ৯ হাজার ৬০০ ওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেন। সাত মাস আগে বিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ শেষ করে প্রকল্পটিকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে। মিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জাতীয় গ্রিডে ২ লাখ ২১ হাজার ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে; কিন্তু সাত মাসেও বিল বা কোনো অর্থ পাননি গিয়াসউদ্দিন।

এ বিষয়ে গিয়াসউদ্দিন বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর থেকেই বিদ্যুৎ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো আশ্বাস পাওয়া যায়নি।

জানতে চাইলে শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. নিজাম উদ্দিন সামস্ বলেন, বিষয়টি তাঁর মনে নেই; তবে সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছেন। সহকারী ইঞ্জিনিয়ার বিষয়টি দেখাশোনা করছেন বলে জানান তিনি। এ সময় পাশে থাকা ডিজিএমের গাড়িচালক মো. নুরুদ্দিন প্রকল্পের কাজ চলাকালে কয়েকবার সেখানে গিয়েছিলেন বলে জানান। তবে এ বিষয়ে বক্তব্য নিতে সহকারী ইঞ্জিনিয়ার মেহেদি হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম বলেন, গিয়াসউদ্দিন একজন সফল উদ্যোক্তা। তাঁর বিষয়টি উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাঁর খামার পরিদর্শনের কথা রয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেও অর্থ না পাওয়ার বিষয়টি তাঁর জানা আছে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়