প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:১৮
এমনটি যদি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হতো

শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়; এটি একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশেরও প্রধান ক্ষেত্র। সেই বিবেচনায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের বাস্তব সুযোগ সৃষ্টি করে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি দলগত চেতনা, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নিয়মানুবর্তিতার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য দল গঠনের উদ্যোগ শিক্ষার্থীদের সামনে একটি ইতিবাচক লক্ষ্যও তৈরি করে।
দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা এখন পাঠ্যসূচির বাইরের একটি অবহেলিত বিষয়। ফলে বহু সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা অঙ্কুরেই ঝরে যায়। অথচ নিয়মিত আন্তঃহাউজ কিংবা আন্তঃশ্রেণি ক্রীড়া প্রতিযোগিতা চালু থাকলে একদিকে যেমন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হতো, অন্যদিকে শিক্ষার্থীরা মাদক, প্রযুক্তির অপব্যবহার ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার সুযোগ পেত।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এই উদ্যোগ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় হতে পারে। দেশের প্রতিটি বিদ্যালয় যদি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেয়, তবে মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। তাই এমন উদ্যোগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুকÑএটাই সময়ের প্রত্যাশা।






